https://cns24news.com/

৩৩ হাজারের বেশি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

প্রকাশের তারিখ: 17 Oct 2026   |   প্রতিবেদক: editor
৩৩ হাজারের বেশি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

নিজস্ব প্রতিনিধি:

দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এ পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পূজা উদযাপন অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন। তবে পূজাকে কেন্দ্র করে একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি জনগণকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

আইজিপি বলেন, দেবী দুর্গার মতো অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ধর্ম, মত ও বর্ণের ভিন্নতা থাকলেও দেশ সবার, এ কথা উল্লেখ করে তিনি বলেন, সব অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।

পুলিশপ্রধান আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। সে সময় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইজিপি আশা প্রকাশ করেন, সব ধরনের অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে পারবেন।

এদিকে পূজা উদযাপন পরিষদের নেতারা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তাঁদের ভাষ্য, পুলিশি নিরাপত্তার কারণে দেশের বিভিন্ন স্থানে নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হচ্ছে।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।