https://cns24news.com/

কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহত ১৭, আহত বহু

প্রকাশের তারিখ: 18 Oct 2026   |   প্রতিবেদক: editor
কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহত ১৭, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলনের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে কলকাতার উত্তরাঞ্চলের চোরবাগান সার্বজনীন দুর্গাপূজা প্যান্ডেলের প্রবেশ ও বের হওয়ার পথে ভিড়ের চাপে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কলকাতা পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাত ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার আওতাধীন চোরবাগান সার্বজনীন পূজামণ্ডপের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় ভারী বৃষ্টির কারণে প্যান্ডেলের ভেতরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় জমেছিল। একপর্যায়ে হুড়োহুড়ি ও অতিরিক্ত চাপের মধ্যে অনেকে পদদলিত হন।

ঘটনার পর আহত ৩৫ জনকে উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে পদদলনে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানান, দুর্ঘটনার সময় অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁদের মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীর অভিযোগ, প্যান্ডেলের প্রবেশ ও বের হওয়ার গেট ছিল বেশ সরু। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। দুর্ঘটনায় তাঁর মেয়ে ও নাতি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন মণ্ডপে প্রতিবছর বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। এমন পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও বের হওয়ার পথের পর্যাপ্ত প্রশস্ততা এবং জরুরি নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি ও এএনআই