https://cns24news.com/

শুধু আর্থিক ঘাটতি অর্থ আত্মসাতের প্রমাণ নয়: হাইকোর্ট

প্রকাশের তারিখ: 19 Oct 2026   |   প্রতিবেদক: editor
শুধু আর্থিক ঘাটতি অর্থ আত্মসাতের প্রমাণ নয়: হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি:

সরকারি অফিসে আর্থিক ঘাটতি পাওয়া গেলেই অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয় না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। সন্দেহ যত জোরালোই হোক, তা অপরাধ প্রমাণের বিকল্প হতে পারে না বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পোস্ট অফিসের ১৩ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত পোস্টমাস্টার মো. ওমর ফারুককে খালাস দিয়েছেন হাইকোর্ট। তাঁর করা ফৌজদারি আপিল মঞ্জুর করে বিচারপতি শেখ তাহসীন আলী এ রায় দেন। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১১ জানুয়ারি আদিতমারী উপজেলা পোস্ট অফিসে ১৩ লাখ ১২ হাজার ৭৫০ টাকা ৯৪ পয়সার আর্থিক ঘাটতি ধরা পড়ে। এ ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি দায়িত্ব হস্তান্তর না করেই আত্মগোপন করেন।

পরে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।

২০১৪ সালের ২৩ অক্টোবর লালমনিরহাটের বিশেষ জজ আদালত দুই ধারায় মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন ওমর ফারুককে। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি আপিল করেন তিনি।

আপিলের শুনানি শেষে হাইকোর্ট বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর অনুপস্থিতি কিংবা দায়িত্ব হস্তান্তর না করার ঘটনা সন্দেহের জন্ম দিতে পারে। কিন্তু কেবল এসব পরিস্থিতির ভিত্তিতে অপরাধ প্রমাণ করা যায় না। অপরাধ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন যথাযথ ও গ্রহণযোগ্য প্রমাণ।

রায়ে আরও বলা হয়, লালমনিরহাটের প্রধান ডাকঘর থেকে ৯ লাখ টাকা সংগ্রহের কথা মামলায় উল্লেখ করা হলেও ওই অর্থ আদিতমারী উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছিল বা অফিসটি তা গ্রহণ করেছিল—এমন সুনির্দিষ্ট নথিপত্র তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করতে পারেননি।

মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে হাইকোর্ট ওমর ফারুকের আপিল মঞ্জুর করেন এবং তাঁকে খালাস দেন।

আদালতের এ পর্যবেক্ষণে আবারও স্পষ্ট হয়েছে, আর্থিক অনিয়মের অভিযোগ কিংবা সন্দেহজনক আচরণ একাই কাউকে অপরাধী সাব্যস্ত করার জন্য যথেষ্ট নয়; অভিযোগের সঙ্গে অভিযুক্তের সংশ্লিষ্টতা গ্রহণযোগ্য প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়।