https://cns24news.com/

মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান ইশরাক, প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইলেন

প্রকাশের তারিখ: 19 Oct 2026   |   প্রতিবেদক: editor
মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান ইশরাক, প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইলেন

নিজস্ব প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তাঁকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যেতে বলেছেন বলেও দাবি করেন ইশরাক।

সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। এ সময় সাম্প্রতিক মাদকবিরোধী অভিযান এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরেন ইশরাক।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, “আমি সেদিন সেখানে জঙ্গি দমন করতে যাইনি, চাঁদা তুলতেও যাইনি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। এই কাজটি নিয়ে গণমাধ্যমের কাছে আশা ছিল, আমার এই কাজে তারা আমাকে সাহস জোগাবে, যাতে প্রতিটি স্পটে অভিযান চালাতে পারি। কিন্তু পুরো বিষয়টি দুটি প্রসঙ্গে সীমাবদ্ধ হয়ে গেল, অস্ত্র ও ইশরাক। এতে পুরো অভিযানের মূল উদ্দেশ্যটাই নষ্ট করা হলো।”

অভিযানের সময় অস্ত্র হাতে থাকা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “আমি সেদিন কোনো ভুল করিনি। আমার নিরাপত্তার জন্য যতটুকু সময় প্রয়োজন হয়েছে, ততক্ষণই অস্ত্র সঙ্গে রেখেছিলাম।”

পদত্যাগের ইচ্ছা প্রকাশের বিষয়ে ইশরাক বলেন, “এমন পরিস্থিতিতে আজ আমি প্রধানমন্ত্রীর কাছে যাই এবং তাঁকে বলি, আমি পদত্যাগ করতে চাই। আমি মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। আমি মনে করি, আমার কারণে যেন আপনার কোনো কর্মকাণ্ড আড়ালে পড়ে না যায়।”

সোমবার দুপুর পৌনে ১টার দিকে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় প্রেসক্লাবে প্রবেশ করেন ইশরাক। এ সময় তাঁর সমর্থকেরা ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘রাজপথের ইশরাক ভাই, তোমার কোনো ভয় নাই’ এবং ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, এমন স্লোগান দেন।

এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।

পোস্টে কিছু মানুষের প্রতিক্রিয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”

পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক। তিনি বলেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

ঘটনার সূত্রপাত গত শনিবার। ইশরাকের সংসদীয় আসন ঢাকা-৬-এর আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালান তিনি। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই অভিযানে ইশরাকের অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই রোববার রাতে তাঁর পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবর প্রকাশিত হয়।

পরে এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইশরাক বলেন, “শত শত ফোন আসছে, গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”