জ্যেষ্ঠ প্রতিনিধি:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩০৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকার এবং একজন করে সিলেট, চট্টগ্রাম ও খুলনার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১ হাজার ৯৭ জন।
এ পর্যন্ত দেশে ২৩ হাজার ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনের মধ্যে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।