সাভার প্রতিনিধি:
ধর্মীয় বিভেদ ভুলে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
সোমবার বিকেলে ঢাকার সাভারে শ্রীশ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটি আশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “এই দেশ আমাদের সবার। এখানে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।”
ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর দুর্গাপূজা উদযাপনে সরকারি বরাদ্দ বাড়ানো হয়েছে। বরাদ্দ বাড়ানোর জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, দেশে হত্যা, গুম ও নির্যাতনের মানসিকতাসম্পন্ন মানুষের রাজনীতি তারা চান না। তারা এমন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চান, যেখানে মানুষ একে অপরের কল্যাণে কাজ করবে।
ফ্যাসিবাদী শক্তির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি বলেন, “তারা যতই হুমকি দিক না কেন, জনগণ ঐক্যবদ্ধভাবেই তার জবাব দেবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
পরে প্রতিমন্ত্রী ধামরাইয়ে প্রয়াত জগদীশ চন্দ্র দাসের বাড়িতে আয়োজিত দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন।