https://cns24news.com/

ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই এ দেশের নাগরিক: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ: 21 Oct 2026   |   প্রতিবেদক: editor
ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই এ দেশের নাগরিক: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি:

ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। তাই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২০ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান দেন।

পরিদর্শনকালে আফরোজা খানম পূজার আয়োজন ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং এতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য দলীয় নেতাকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে আফরোজা খানম বলেন, দেশের কল্যাণ ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির।

মন্ত্রীর পরিদর্শন ঘিরে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করেন।

পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।