https://cns24news.com/

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশের তারিখ: 21 Oct 2026   |   প্রতিবেদক: editor
কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে ঢেউ ও প্রবল স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা রোহান (২৩) এবং শহীদুল ইসলাম (২৩)। নিহত রোহানের বাবার নাম মুকাররম হোসেন। শহীদুলের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিখোঁজদের একজন নাফিসুল হক নিবিড় (২২)। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। তিনি ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা। নিখোঁজ অপর পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের ঢেউ ও স্রোতের টানে কয়েকজন পানিতে ভেসে যান। তাঁদের বিপদে পড়তে দেখে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে আসেন।

উদ্ধারকারীরা প্রথমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

সৈকতকর্মী মাহবুব রহমান তিন পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা আরেক পর্যটক হাসপাতালে মারা যান। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে পর্যটকদের একটি দল ঢেউ ও স্রোতে ভেসে যায়। এ ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ পর্যটকদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি।

ঘটনার পর সৈকত এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।