ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনী উঠান বৈঠক জনসভায় পরিণত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে এখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী ২৯ অক্টোবর ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন ভোটের ফলাফল কারচুপির মাধ্যমে পরিবর্তন করা না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মতো ফলাফল প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এ আশঙ্কা প্রকাশ করে ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রয়োজনে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ করেন।
দেলাওয়ার হোসেন বলেন, জনগণের সমর্থনকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না; ভোটের মাধ্যমেই এর জবাব দিতে হবে।
নির্বাচিত হলে ঠাকুরগাঁও থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে নিরাপদ ও মানবিক জনপদ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষিনির্ভর এলাকার মানুষের জন্য সময়মতো ন্যায্যমূল্যে বীজ, সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের ব্যবস্থার কথাও বলেন। তাঁর দাবি, নির্বাচিত হলে এলাকায় দলীয়করণ ও সিন্ডিকেটের সুযোগ থাকবে না।
বেগুনবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উপদেষ্টা মাওলানা ওয়াসিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ সাইফি। স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতারাও এতে উপস্থিত ছিলেন।