https://cns24news.com/

নিরাপত্তা শঙ্কায় আবারও স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট

প্রকাশের তারিখ: 23 Oct 2026   |   প্রতিবেদক: editor
নিরাপত্তা শঙ্কায় আবারও স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট

নিজস্ব প্রতিনিধি:

সৌদি আরবে চলমান হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে আবারও ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা থেকে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। একই পথে বাংলাদেশেও ফিরতে পারবেন তাঁরা।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবে বিমানবন্দরে হামলা ও চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এর আগেও রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম দফায় ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।

এরপর ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা জানানো হলেও তা এক দিন পিছিয়ে ২২ অক্টোবর নির্ধারণ করা হয়। ওই সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি ফ্লাইট দাম্মামে পৌঁছায়।

কিন্তু বুধবার রাতে নতুন করে হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দাম্মাম ও রিয়াদ রুটে আবারও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেয় বিমান। এটি দুই রুটে ফ্লাইট স্থগিতের তৃতীয় দফা সিদ্ধান্ত।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটে যাত্রীদের ভ্রমণের আগে বিমানের সর্বশেষ নির্দেশনা ও ফ্লাইটের সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।