https://cns24news.com/

রেকর্ডগড়া জয়ের পর ভারতের জন্য দুঃসংবাদ, দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই ইশান

প্রকাশের তারিখ: 23 Oct 2026   |   প্রতিবেদক: editor
রেকর্ডগড়া জয়ের পর ভারতের জন্য দুঃসংবাদ, দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই ইশান

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে জয়ের পর ধাক্কা খেল ভারত। চোটের কারণে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষাণ।

বুধবার (২১ অক্টোবর) প্রথম ম্যাচ চলাকালে ডান কুঁচকিতে চোট পান বাঁহাতি এই ব্যাটার। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, লো-গ্রেড রাইট অ্যাডাক্টর স্ট্রেইনের কারণে শনিবার (২৪ অক্টোবর) ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করছে বোর্ডের মেডিক্যাল টিম।

ইশানের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেতে পারেন ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। দ্বিপক্ষীয় সিরিজে ভারতের হয়ে সর্বশেষ নয়টি টি-টোয়েন্টিতে বেঞ্চে থাকতে হয়েছে তাকে। তবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনালে খেলেছিলেন বৈভব। ওই আসরে স্বর্ণপদক জেতে ভারত।

ভারতের স্কোয়াডে ব্যাটিংয়ের বিকল্প হিসেবে রয়েছেন অলরাউন্ডার শিভাম দুবেও। তবে ইশানের পরিবর্তে তার একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করেন ইশান। বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরার পর তার কুঁচকিতে চোটের বিষয়টি জানান ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তার চোটের কারণে ওই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নামেন তিলক ভার্মা। তবে তিনিও উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

এদিকে ইশানের চোট সত্ত্বেও প্রথম ম্যাচে ভারতের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের বড় সংগ্রহ। স্বাগতিকদের দেওয়া ২২৬ রানের লক্ষ্য তাড়া করে ২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় পায় সফরকারীরা। টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।

ভারতের জয়ে বড় অবদান রাখেন সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার ও নমন ধীর। স্যামসন ৩৩ বলে ৬৭ রান করেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪২ রান। আর নমন ধীর মাত্র ১৫ বলে করেন ৪২ রান।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। দ্বিতীয় ম্যাচে ইশানের অনুপস্থিতিতে দলটির ব্যাটিং সমন্বয়ে কী পরিবর্তন আসে, এখন সেটিই দেখার বিষয়।