নিজস্ব প্রতিনিধি:
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দল থেমে থাকবে না; বরং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই। সামনে সিটি নির্বাচনে আমাদের সর্বোচ্চ দিয়ে ও দিনরাত এক করে কাজ করতে হবে।” সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচনে দলের কিছু ভুলত্রুটি ও দুর্বলতা চিহ্নিত হয়েছে। ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি এড়াতে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেন, জনগণ জামায়াতকে ভোট দিলেও সেই ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবে, তা জনগণই নির্ধারণ করবে। দল বসে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে না; বরং সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি বাংলাদেশকে কোরআনের ভিত্তিতে পরিচালিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
দলের সাংগঠনিক অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ একসময় সাংগঠনিকভাবে দুর্বল ছিল। নেতাকর্মীদের ত্যাগ, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে সংগঠন বর্তমান অবস্থানে পৌঁছেছে। এই অগ্রগতি ধরে রাখতে রুকনদের মান, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়; এটি ব্যক্তিগত মান, নৈতিকতা ও দায়িত্ববোধের পরিচায়ক। সদস্যদের মান ও আত্মিক দৃঢ়তা বাড়লে সংগঠনও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি। আসন্ন মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার জন্যও নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সদস্যসংখ্যা বাড়ার পাশাপাশি সংগঠনের মান, শৃঙ্খলা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতাও বাড়াতে হবে।
সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত নির্বাচনী অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর আমির নির্বাচনে ভোট দেন রুকনরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে ১৩ হাজারের বেশি সদস্য ভোট দেন। এরপর শুরু হয় সাংগঠনিক অধিবেশন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।
সম্মেলনে ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন। আয়োজকদের দাবি, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।