https://cns24news.com/

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে মীর শাহে আলমের সমালোচনা

প্রকাশের তারিখ: 24 Oct 2026   |   প্রতিবেদক: editor
জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে মীর শাহে আলমের সমালোচনা

বগুড়া প্রতিনিধি:

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধী দলের নেতারা উপস্থিত হননি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জুলাই আন্দোলন নিয়ে নিয়মিত বক্তব্য দেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা অনুষ্ঠানে না গিয়ে অজুহাত দেখিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত ১৯ অক্টোবর ঢাকার ওসমানী উদ্যানে সরকারের উদ্যোগে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে দীর্ঘ ১০ বছর পর আধুনিকায়ন করা ওসমানী উদ্যানও উদ্বোধন করা হয়। তাঁর দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সমমনা, সহযোগী ও জোটের রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম টেলিফোনেও আমন্ত্রণ নিশ্চিত করেন বলে তিনি উল্লেখ করেন।

মীর শাহে আলম বলেন, অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের বাবা এবং এক শহীদের মাকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, স্মৃতিস্তম্ভে গেজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম রয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় অনুষ্ঠানে যোগ না দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, প্রবীণ রাজনীতিক মাহমুদুর রহমান মান্না, জাতীয় নেতা সাইফুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম আমন্ত্রণপত্রে না থাকলেও প্রধানমন্ত্রী তাঁদের মঞ্চে ডেকে নেন। বিরোধী দলের প্রতিনিধিরাও উপস্থিত হলে তাঁদের মঞ্চে নেওয়া হতো বলে মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে জামায়াতে ইসলামী ও বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মীর শাহে আলম অভিযোগ করেন, নির্বাচনের সময় মানুষকে বেহেশতের লোভ দেখিয়ে ভোট চাওয়া এবং ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করে না; বরং দেশের সব মানুষের সমর্থন অর্জন করতে চায়।

বিরোধী দলগুলোর প্রতি সংসদে এসে সরকারের ভুলত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওয়াকআউট করাও সংসদীয় গণতন্ত্রের অংশ। তবে একতরফা আন্দোলন বা লং মার্চের পরিবর্তে সংসদে আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্ব দেন তিনি।

বাকস্বাধীনতার নামে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখা উচিত। একই সঙ্গে বিএনপির ভেতরে থাকা কথিত ‘গুপ্ত বিএনপি’ সদস্যদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে। তিনি বিরোধী দলগুলোকে সংঘাতের পথ পরিহার করে কমিটিতে অংশ নিতে এবং দ্রুত প্রতিনিধিদের নাম দেওয়ার আহ্বান জানান।

প্রেস ব্রিফিং শেষে সড়ক দুর্ঘটনায় নিহত কিচক হরিপুর গ্রামের ফিরোজার পরিবারের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন প্রতিমন্ত্রী।