আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৩ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে ১১৬ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। আগের দিনের তুলনায় দাম বাড়ে ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ। সূত্র: রয়টার্স
একই দিন যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের প্রতি ব্যারেল বিক্রি হয় ১০৩ দশমিক ২৭ ডলারে। আগের দিনের তুলনায় এর দাম বাড়ে ৩ দশমিক ৮ ডলার বা প্রায় ৩ দশমিক ৮ শতাংশ।
বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত ২৯ এপ্রিলের পর অপরিশোধিত তেলের দাম এ পর্যায়ে পৌঁছায়নি। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত এবং পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছিল।
গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি এবং হরমুজ প্রণালিতে চলাচল ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার একটি ঘটনা আঞ্চলিক জ্বালানি সরবরাহের ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচকগুলো দিন শেষে নিম্নমুখী ছিল।