https://cns24news.com/

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮, উদ্ধার পিস্তল-ইয়াবা ও জাল নোট

প্রকাশের তারিখ: 25 Oct 2026   |   প্রতিবেদক: editor
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮, উদ্ধার পিস্তল-ইয়াবা ও জাল নোট

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, গুলি, ৯ হাজার ৫৮টি ইয়াবা, গাঁজা, হেরোইন ও ৩২০টি জাল ২০০ টাকার নোটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৮ জন মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করেছে তিনজনকে।

অভিযানকালে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি লোহার রড।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৫৮টি ইয়াবা, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা ও দুই গ্রাম হেরোইন।

এ ছাড়া একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ৩২০টি জাল ২০০ টাকার নোট, একটি কম্পিউটার সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড জব্দ করা হয়েছে। অভিযানে ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।