https://cns24news.com/

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ: 26 Oct 2026   |   প্রতিবেদক: editor
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশের একটি দল মিছিলটির মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান।

হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

ওসি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।