https://cns24news.com/

ফের একসঙ্গে দুই কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

প্রকাশের তারিখ: 27 Oct 2026   |   প্রতিবেদক: editor
ফের একসঙ্গে দুই কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

বিনোদন প্রতিনিধি:

দেশের অভিনয় অঙ্গনের দুই কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর আবারও একসঙ্গে অভিনয় করেছেন নতুন একটি নাটকে। ‘আহারে জীবন’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু।

দীর্ঘ অভিনয়জীবনে বহু নাটকে একসঙ্গে কাজ করেছেন আবুল হায়াত ও ডলি জহুর। সম্প্রতি এই দুই অভিনয়শিল্পীর অভিনীত ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকটি প্রচারিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তারা হাজির হচ্ছেন নতুন নাটক ‘আহারে জীবন’ নিয়ে।

ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে আরও অভিনয় করেছেন এ প্রজন্মের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল।

নির্মাতা চয়নিকা চৌধুরী দীর্ঘ ক্যারিয়ারে সাড়ে চার শতাধিক নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে প্রায় দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত ও ডলি জহুর। ফলে এই দুই বরেণ্য অভিনয়শিল্পীর সঙ্গে তার কাজের বোঝাপড়াও বেশ ভালো।

চয়নিকা চৌধুরী বলেন, ‘এই দুই কিংবদন্তি শিল্পী আমার পরিচালনায় শত শত নাটকে অভিনয় করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। নাটকে আবুল হায়াত আর ডলি জহুরের উপস্থিতি মানেই দর্শকের প্রত্যাশা অনেক বেড়ে যাওয়া। আমি দুজন শিল্পীর প্রতিই কৃতজ্ঞ।’

আবুল হায়াত বলেন, ‘চয়নিকা চৌধুরী অভিজ্ঞ পরিচালক। তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন ধরে কাজ করছি। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। এ নাটকের গল্পও সুন্দর। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

ডলি জহুরও নির্মাতা চয়নিকা চৌধুরী ও সহশিল্পী আবুল হায়াতের সঙ্গে কাজের ভালো বোঝাপড়ার কথা জানিয়েছেন।

নির্মাতা জানান, শিগগিরই ‘আহারে জীবন’ নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।