https://cns24news.com/

আবুল খায়ের স্টিল কারখানা পরিদর্শন করলেন জার্মানির উপমন্ত্রী

প্রকাশের তারিখ: 27 Oct 2026   |   প্রতিবেদক: editor
আবুল খায়ের স্টিল কারখানা পরিদর্শন করলেন জার্মানির উপমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) সংসদীয় উপমন্ত্রী ও স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলার চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) কারখানা পরিদর্শনকালে তাঁকে প্রতিষ্ঠানটির আধুনিক উৎপাদন প্রযুক্তি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অর্জন এবং পরিবেশবান্ধব শিল্প উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। এ সময় একেএসএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন জার্মান প্রতিনিধিদলকে স্বাগত জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। এ ছাড়া জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থা জিআইজেড বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডিসিওএল) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একেএসএমএল আধুনিক ইলেকট্রিক আর্ক ফার্নেস (ইএএফ) প্রযুক্তি, উন্নত প্রকৌশল এবং উচ্চগতির রড উৎপাদন প্রযুক্তির সমন্বয়ে ইস্পাত উৎপাদন করে। উচ্চ উৎপাদন সক্ষমতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইস্পাতশিল্পে প্রযুক্তিগত উৎকর্ষের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। উৎপাদন সক্ষমতার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান অর্জন করেছে বলে জানানো হয়।

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশের ওপর শিল্পের বিরূপ প্রভাব কমাতে প্রতিষ্ঠানটি কারখানায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে। পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণে ফিউম ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করেছে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে বৃষ্টির পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

কারখানা পরিদর্শনকালে জার্মানির সংসদীয় উপমন্ত্রী এসব পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।

এ ছাড়া ইস্পাতশিল্পে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও ক্ষমতায়নে একেএসএমএলের নেওয়া বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। বাংলাদেশের শিল্প খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং তাঁদের ক্ষমতায়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন জার্মান এই প্রতিনিধি।

পরিদর্শনকালে বাংলাদেশের ইস্পাতশিল্পের অগ্রগতি ও আধুনিকায়ন সম্পর্কেও তিনি ইতিবাচক ধারণা পেয়েছেন বলে জানানো হয়।