https://cns24news.com/

নির্বাচনে পিছিয়ে পড়ার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে কী হতে পারে?

প্রকাশের তারিখ: 28 Oct 2026   |   প্রতিবেদক: editor
নির্বাচনে পিছিয়ে পড়ার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে কী হতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির আরব-ইসরায়েলি ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সমর্থকদের শেষ মুহূর্তে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নির্বাচনের ফলাফল দেশটির ক্ষমতার সমীকরণে নতুন পরিস্থিতি তৈরি করতে পারে। তবে নির্বাচনে কম আসন পেলেও নেতানিয়াহুর আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার গঠনের জন্য সাধারণত অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হয়।

নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে।

লিকুদ পার্টি প্রত্যাশার চেয়ে কম আসন পেলেও নেতানিয়াহু তাঁর বর্তমান মিত্রদের নিয়ে নতুন করে জোট গঠনের চেষ্টা করতে পারেন। প্রয়োজনে ছোট দলগুলোর সমর্থন নিয়েও ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা করতে পারেন তিনি।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন পক্ষ পর্যাপ্ত আসন পেলে এবং অন্য দলগুলোর সমর্থন নিশ্চিত করতে পারলে তারাও সরকার গঠনের উদ্যোগ নিতে পারে।

এ ক্ষেত্রে আরব দল রা’আম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২১ সালে নেতানিয়াহুর দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রিত্বের অবসানের পর যে জোট সরকার গঠিত হয়েছিল, তাতে রা’আম সমর্থন দিয়েছিল।

আরেকটি সম্ভাবনা হলো জাতীয় ঐক্য সরকার গঠন। এ ক্ষেত্রে নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের পক্ষ সমঝোতার ভিত্তিতে সরকার গঠন করতে পারে। এতে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রও ইসরায়েলে এ ধরনের সরকার গঠনের বিষয়ে উৎসাহ দিচ্ছে।

কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে ছোট দলগুলোর সমঝোতায় সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে। এমন সরকারকে ক্ষমতায় টিকে থাকতে সংসদের অন্য সদস্যদের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

শেষ পর্যন্ত কোন পক্ষ সরকার গঠন করবে, তা নির্ভর করবে নেসেটের আসন বণ্টন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের সমঝোতার ওপর।