https://cns24news.com/

‘আমি তোমার পাশে আছি, ভবিষ্যতেও থাকব’, প্রাক্তন স্ত্রী সুজানের জন্য হৃতিকের আবেগঘন বার্তা

প্রকাশের তারিখ: 29 Oct 2026   |   প্রতিবেদক: editor
‘আমি তোমার পাশে আছি, ভবিষ্যতেও থাকব’, প্রাক্তন স্ত্রী সুজানের জন্য হৃতিকের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক

বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ হয়েছে এক দশকেরও বেশি সময় আগে। তবে দাম্পত্য জীবনের ইতি ঘটলেও দুই ছেলেকে ঘিরে তাঁদের সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ। এবার প্রাক্তন স্ত্রী সুজানের জন্মদিন উপলক্ষে আবেগঘন বার্তা দিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন হৃতিক।

গত ২৬ অক্টোবর ছিল সুজান খানের জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে না পারলেও দুই দিন পর, ২৮ অক্টোবর, ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান হৃতিক। পোস্টে সুজানের কয়েকটি ছবি যুক্ত করে তাঁর ব্যক্তিত্ব, জীবনসংগ্রাম ও মাতৃত্বের প্রশংসা করেন এই অভিনেতা।

বার্তায় হৃতিক লেখেন, ‘শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। তবে এই শুভেচ্ছা এসেছে আমার হৃদয়ের গভীর থেকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সুজান।’

সুজানের আগামী দিনগুলো ভালোবাসা, উষ্ণতা ও আনন্দে ভরে উঠুক—এমন প্রত্যাশা জানিয়ে হৃতিক লেখেন, তিনি যেভাবে জীবন কাটিয়েছেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং নিজেকে গড়ে তুলেছেন, তা নিয়ে তিনি গর্বিত।

দুই ছেলে রে ও রিদজের মা হিসেবে সুজানের ভূমিকারও প্রশংসা করেন হৃতিক। তিনি লেখেন, ‘তুমি রে ও রিদজের সেরা মা। তাদের মা হিসেবে এমন একজন ইতিবাচক ও আলোকিত মানুষকে পেয়ে আমি কৃতজ্ঞ।’

সুজানের ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ‘দ্য চারকোল প্রজেক্ট’-এর সাফল্যও কামনা করেন হৃতিক। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বার্তার শেষাংশে প্রাক্তন স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিয়ে হৃতিক লেখেন, ‘আমি এখনো তোমার পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সব সময় তোমার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তোমার জন্য হাততালি দেব।’

হৃতিকের এই শুভেচ্ছার জবাবে সুজানও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই ছেলের জন্য তাঁদের যৌথ অভিভাবকত্বের প্রশংসা করে তিনি ভবিষ্যতে সবার জীবনে আরও সুখের সময় ও আনন্দের প্রত্যাশা জানান। মন্তব্যে হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদ এবং নিজের প্রেমিক আরসলান গনির কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, হৃতিক রোশন ও সুজান খান ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলে রে ও রিদজ। হৃতিকের সঙ্গে অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সম্পর্কের কথা জানা যায়, অন্যদিকে সুজান অভিনেতা আরসলান গনির সঙ্গে সম্পর্কে রয়েছেন।