https://cns24news.com/

ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত

প্রকাশের তারিখ: 29 Oct 2026   |   প্রতিবেদক: editor
ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী সাত দিনের জন্য ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) ধর্মঘট শুরু করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েন।

অ্যাম্বুলেন্স না পেয়ে কেউ চার থেকে পাঁচ ঘণ্টা, আবার কেউ সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকে বিকল্প যানবাহনে রোগী ও মরদেহ নিয়ে গন্তব্যে রওনা হন।

বুধবার সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগের গেট, কলেজ গেট, নতুন ভবনসহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স দেখা গেলেও অনেক চালক রোগী পরিবহন করেননি।

অভিযোগ রয়েছে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটে অংশ নেওয়া মালিক সমিতির অ্যাম্বুলেন্সসহ অন্য অ্যাম্বুলেন্সও হাসপাতালে প্রবেশ করতে পারেনি। ফলে জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তর ও মরদেহ পরিবহনে ভোগান্তি আরও বেড়ে যায়।

সাত দিনের জন্য ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে পার্কিং নিয়ে মালিকদের দাবি ও এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের বিস্তারিত জানা যায়নি।