https://cns24news.com/

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

প্রকাশের তারিখ: 31 Oct 2026   |   প্রতিবেদক: editor
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিনিধি:

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি কোনো অর্থ দেওয়া যাবে না। এ ক্ষেত্রে কর্মীদের অতিরিক্ত টাকা না দেওয়ার পাশাপাশি দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

কোনো কর্মী একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মেডিকেল স্লিপ নেওয়ার পর অন্য এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে তাঁর মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি, অযথা বিলম্ব বা অন্য কোনো সমস্যার সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। এ জন্য secretary@probashi.gov.bd ঠিকানায় ই-মেইল করে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মাইগ্রামস (MIGRAMS) স্লিপ সংগ্রহের জন্য কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হয়েছে। এর আগে সম্পন্ন করা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট গ্রহণযোগ্য হবে না এবং অভিবাসন ছাড়পত্রের ক্ষেত্রেও তা বিবেচনা করা হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।