https://cns24news.com/

তিন স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলছে মেট্রোরেল

প্রকাশের তারিখ: 01 Nov 2026   |   প্রতিবেদক: editor
তিন স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলছে মেট্রোরেল

নিজস্ব প্রতিনিধি:

পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তাজনিত কারণে রাজধানীর তিনটি স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই মেট্রোরেল চলাচল করছে। রোববার (১ নভেম্বর) দুপুর থেকে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশনে কোনো ট্রেন থামছে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওই তিনটি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়েছে।

এদিকে, মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এর আগে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।