শরীয়তপুর প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে শরীয়তপুরের জাজিরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার রোকনের নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএনটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই রেকর্ডে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের কণ্ঠে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে আপত্তিকর মন্তব্য শোনা গেছে বলে তাঁরা দাবি করেন।
বিক্ষোভকারীরা বলেন, এ ধরনের মন্তব্য দলীয় শৃঙ্খলাবিরোধী। তাঁরা মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার রোকন বলেন, হুইপ তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ করছেন। অথচ প্রকৃত তথ্য না জেনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শুধু একটি নাম নয়, তিনি একটি ‘ব্র্যান্ড’।