https://cns24news.com/

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

প্রকাশের তারিখ: 03 Nov 2026   |   প্রতিবেদক: editor
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর-১১ এলাকায় শ্রমিকরা আবারও সড়ক অবরোধ করলে তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকদেরও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পরিস্থিতির কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়েছে।

শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে দেশের প্রধান পোশাকশিল্পাঞ্চলগুলোতেও। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষ ও কাজ বন্ধ রাখার ঘটনায় দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রায় ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক কাজ না করেই কারখানা থেকে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন।

বিজিএমইএর হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট দুই হাজার ১৩৪টি কারখানার মধ্যে সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত ১ হাজার ৪৫৫টি কারখানা চালু ছিল। বাকি ৬৭৯টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বের হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

শিল্পাঞ্চলভিত্তিক তথ্য অনুযায়ী, মিরপুরের ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি থেকে শ্রমিকরা বের হয়ে যান। এতে কাজ বন্ধ রাখা শ্রমিকের সংখ্যা ৫৩ হাজার ৮৪০ জন।

গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টি বন্ধ ছিল। সাভার, আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। এসব কারখানার প্রায় ৭ লাখ ৪৩ হাজার শ্রমিক কাজ বন্ধ রাখেন।

এ ছাড়া নারায়ণগঞ্জের ১৯৯টি কারখানার মধ্যে নয়টি থেকে শ্রমিকরা বের হয়ে যান। অন্যদিকে চট্টগ্রামের ৩৪০টি কারখানায় শ্রমিক অসন্তোষ বা কাজ বন্ধের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিএমইএ।

শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে সামগ্রিক উৎপাদন পরিস্থিতি ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।