https://cns24news.com/

ডি-৮ বাণিজ্য বাড়াতে এফটিএ ও পিটিএ দ্রুত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

প্রকাশের তারিখ: 03 Nov 2026   |   প্রতিবেদক: editor
ডি-৮ বাণিজ্য বাড়াতে এফটিএ ও পিটিএ দ্রুত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক:

ডি-৮ সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) কাঠামো দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক শুল্ক সুবিধা সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর করা এবং ফলাফলভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সংস্থাটিকে আরও কার্যকর করতে প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।

গত ২ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে ডি-৮ মহাসচিব সোহেল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাবিষয়ক স্থায়ী কমিটির (কমসেক) ৪২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যমান বাণিজ্য বাধা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শুল্ক সুবিধা সম্প্রসারণ ও বাণিজ্য সহজীকরণের মাধ্যমে সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি এফটিএ ও পিটিএর কাঠামো দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

চুক্তি বাস্তবায়নের পাশাপাশি সংস্থাটির প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মুক্তাদির। ডি-৮-এর পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে জোটটিকে আরও কার্যকর ও অর্থবহ করে তোলার ওপর তিনি জোর দেন।

জবাবে ডি-৮ মহাসচিব সোহেল মাহমুদ বলেন, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বাণিজ্যমন্ত্রী বর্তমানে তুরস্ক সফর করছেন।