কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেন, বুধবার রাতে গচিহাটা বাজারে গিয়েছিলেন তাঁর ছেলে শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁকে ছুরিকাঘাত করে। তিনি তখন ঢাকায় অবস্থান করছিলেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, রোগী শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে তাঁর শরীরে বড় ধরনের কাটা ক্ষত রয়েছে। এ পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।