নিজস্ব প্রতিনিধি:
সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতার অসঙ্গতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সমন্বয়ের সুপারিশ দিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। গত ১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
কমিটিকে বিদ্যমান বেতনস্কেলের বিভিন্ন অসঙ্গতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে তা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ করবে কমিটি।
এ ছাড়া নতুন করে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা চালু, বিদ্যমান ভাতার হার বৃদ্ধি বা হ্রাস এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবরা।
প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।