নিজস্ব প্রতিনিধি:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন গুলশান-বনানী-বারিধারা লেকের পরিচ্ছন্নতা, দূষণমুক্তকরণ ও সংস্কার কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি ও তদারকির ঘাটতি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে লেক এলাকায় উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা ও সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন রাজউক চেয়ারম্যান।
লেকগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে চলমান উদ্যোগের অংশ হিসেবে এ আকস্মিক পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে ক্ষোভ প্রকাশ করে রাজউক চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, লেকের পরিচ্ছন্নতা, দূষণমুক্তকরণ ও সংস্কার কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা সহ্য করা হবে না। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি নিয়মিত মাঠপর্যায়ে উপস্থিত থেকে কাজের অগ্রগতি তদারকি করতে হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে লেকের পরিবেশ ও পানির গুণগত মান রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
রাজউক সূত্র জানায়, সংস্থাটির আওতাধীন লেকগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষা, পানির গুণগত মান উন্নয়ন এবং সার্বিক পরিচ্ছন্নতা ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ও কঠোর তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।