আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে। তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
অন্যদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে কোনো ক্ষেপণাস্ত্র হামলার সম্পর্ক নেই।
এদিকে রোববার (৮ নভেম্বর) ভোরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। জাহাজ দুটি অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে বাহিনীটি।
তবে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা এবং তেলবাহী জাহাজ দুটিতে আগুন লাগার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এর কয়েক দিন আগেই কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা ওই হামলাকে সীমিত পরিসরের অভিযান হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করা হয়নি।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ফলে এ অঞ্চলে সামরিক তৎপরতা ও নিরাপত্তা পরিস্থিতির যেকোনো অবনতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে প্রভাব ফেলতে পারে।