https://cns24news.com/

‘পুরুষ মানুষ ললিপপের মতো’, বিয়ের পর পারশার রহস্যময় পোস্ট

প্রকাশের তারিখ: 08 Nov 2026   |   প্রতিবেদক: editor
‘পুরুষ মানুষ ললিপপের মতো’, বিয়ের পর পারশার রহস্যময় পোস্ট

বিনোদন প্রতিনিধি:

তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। বরের মুখ ফুল দিয়ে ঢেকে বিয়ের ছবি প্রকাশের পর এবার স্বামীকে নিয়ে রসাত্মক মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা।

গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে বরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। তবে ফুল দিয়ে বরের মুখ পুরোপুরি ঢেকে রাখায় তাঁর পরিচয় প্রকাশ পায়নি।

ছবির ক্যাপশনে রসিকতার ছলে পারশা লেখেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপলাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই।’

একই সঙ্গে বরের পরিচয় নিয়ে তাঁকে কিংবা তাঁর পরিবারকে বিব্রত না করার অনুরোধও জানান তিনি।

জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও তাঁর জীবনসঙ্গীর আকদ সম্পন্ন হয়। ভিসা জটিলতার কারণে ওই অনুষ্ঠানে গায়িকার পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেননি। তবে বরের পরিবারের সদস্যরা সেখানে ছিলেন।

বিয়ের খবর প্রকাশের পরদিন, ৭ নভেম্বর স্বামীর সঙ্গে আরও একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পারশা। সেখানেও নিজের মুখ দেখালেও বরের মুখ ফুল দিয়ে আড়াল করে রাখেন তিনি।

দ্বিতীয় ছবির ক্যাপশনে পারশা লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক।’

ক্যাপশনের শেষাংশে তিনি আরও লেখেন, ‘ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’

পারশার এমন ব্যতিক্রমী ও রসাত্মক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একই সঙ্গে বরের পরিচয় জানার আগ্রহও বেড়েছে অনুরাগীদের। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি এই সংগীতশিল্পী ও অভিনেত্রী।