https://cns24news.com/

পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

প্রকাশের তারিখ: 09 Nov 2026   |   প্রতিবেদক: editor
পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

তানভীর রায়হান:

মজুরি বৃদ্ধির আশ্বাস এবং নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্তের পর দেশের প্রধান পোশাকশিল্প এলাকাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরতে শুরু করেছে। টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও সড়ক অবরোধের পর রোববার সকাল থেকে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও মিরপুরের বিভিন্ন কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। কারখানার উৎপাদন কার্যক্রমও অনেকটা স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরেছে।

মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার কথা রয়েছে। সে অনুযায়ী শ্রমিকরা জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবেন বলে জানানো হয়েছে।

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নতুন মজুরি নির্ধারণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংগঠন দুটির নেতারা জানিয়েছেন, নিম্নতম মজুরি বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে। আজ সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্রুত মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শেষ করতে সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।

বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা শ্রমিকদের মজুরি বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘস্থায়ী অস্থিরতা ও ভাঙচুরের কারণে শ্রমিক, মালিক এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, সাভারের শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিকদের বেতন পরিশোধের ক্ষেত্রে আগামী ১০ নভেম্বর পর্যন্ত সময়টি গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে বেতন দিতে কারখানা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে আপাতত কোনো নেতিবাচক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। শ্রমিকরা কারখানায় ফিরে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সাভার ও আশুলিয়া এলাকায় এ পর্যন্ত প্রায় ১৫টি মামলা হয়েছে এবং শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ শ্রমিক নন; তারা সংকট সৃষ্টির সঙ্গে জড়িত।

এদিকে বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

তবে সব কারখানায় পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরেনি। আশুলিয়ার মেডলার, দি রোজ, এনবয়, নিট এশিয়া ও এস২১সহ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। শ্রমিকদের কাজে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিলেও সকাল ১০টার পর আশুলিয়ার ছয়তলা এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বাড়ি ফিরে যান। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অন্যদিকে গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর, চন্দ্রা, টঙ্গী, সালনা ও শ্রীপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা এবং চট্টগ্রামের পোশাকশিল্প এলাকাতেও উৎপাদন কার্যক্রম সচল রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন মজুরি কাঠামো নির্ধারণে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের মজুরি প্রস্তাব লিখিতভাবে জমা দেবেন। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।