নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার (৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যারাকটির উদ্বোধন করেন। বাহিনীর সদস্যদের আবাসন সুবিধা সম্প্রসারণ, জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত আধুনিকায়নের অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়েছে।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ব্যারাকটিতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। সদস্যদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় রয়েছে আধুনিক ডাইনিংসহ প্রয়োজনীয় সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, সদর দপ্তরের উন্নয়নকে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি কাঠামোর আওতায় আনতে ধারাবাহিকভাবে প্রাতিষ্ঠানিক সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দেশের ভূমির সীমাবদ্ধতা বিবেচনায় প্রতিটি স্থাপনা ও জায়গার সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্পদের অপচয় ও অপ্রয়োজনীয় বিলাসিতা পরিহার করতে হবে।
তিনি জানান, সদর দপ্তরের সদস্যদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে সম্প্রতি সম্প্রসারিত ভবনে আবাসন সুবিধা চালু করা হয়েছে। এ ছাড়া প্রায় এক হাজার সদস্যের ধারণক্ষমতাসম্পন্ন একটি আধুনিক সৈনিক ব্যারাক নির্মাণের বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ এগিয়ে চলছে।
মহাপরিচালক বলেন, সদস্যদের মৌলিক অধিকার, আবাসন সুবিধা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা নেতৃত্বের অন্যতম প্রধান অঙ্গীকার। অবকাঠামোর স্থায়িত্ব ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যারাকসহ সদর দপ্তরের বিভিন্ন স্থাপনার প্লাম্বিং, বৈদ্যুতিক ব্যবস্থা ও পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্ব বণ্টন এবং নিয়মিত তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে।
পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীতে দায়িত্বে অবহেলা, ব্যক্তিস্বার্থ কিংবা অনৈতিক আচরণের সুযোগ নেই। দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া সদস্যদের যথাযথ মূল্যায়ন করা হবে। অন্যদিকে, দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বাহিনীর সব কর্মকর্তা, কর্মচারী ও সদস্যকে সততা, নিষ্ঠা, জবাবদিহি ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।