নিজস্ব প্রতিনিধি:
আন্তঃদেশীয় অপরাধ, অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।
সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিপ অং। এ সময় দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা এবং অপরাধ প্রতিরোধে যৌথ উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচারসংক্রান্ত ঘটনায় যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্ব দেন সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সির লেনদেন শনাক্তকরণ এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা, সংকট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয় উঠে আসে।
আইজিপি মো. আলী হোসেন ফকির অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।