https://cns24news.com/

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা করার প্রস্তাব শ্রমিক জোটের

প্রকাশের তারিখ: 09 Nov 2026   |   প্রতিবেদক: editor
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা করার প্রস্তাব শ্রমিক জোটের

নিজস্ব প্রতিনিধি:

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকদের পাঁচটি জোট। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কাছে যৌথ স্মারকলিপি দিয়ে এ প্রস্তাব তুলে ধরে ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত জোটগুলো।

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক সোমবার দুপুর ১২টায় বোর্ড কার্যালয়ে শুরু হয়। বৈঠক শুরুর আগে সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিক জোটের নেতারা বোর্ডের কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে ৩২ হাজার ১৩১ টাকা ন্যূনতম মজুরির পাশাপাশি বিদ্যমান মজুরি কাঠামো পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। প্রস্তাবে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন এবং ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক ১৫ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

শ্রমিক নেতাদের যুক্তি, মূল বেতনের অনুপাত কম হলে অতিরিক্ত কাজের (ওভারটাইম) পারিশ্রমিক কমে যায়। একই সঙ্গে চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিটের পরিমাণও মূল বেতনের ওপর নির্ভর করায় শ্রমিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই মূল বেতনের অংশ বাড়িয়ে মজুরি কাঠামো পুনর্গঠন করা প্রয়োজন।

স্মারকলিপিতে শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়সহ ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নিরপেক্ষ মজুরি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বেতন কাঠামো এবং কম্বোডিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

জোট নেতারা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের দাবিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব বিষয়ে আরও আটটি প্রস্তাব যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, একই দিন মজুরি বোর্ড কার্যালয়ের বাইরে ৩৭ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। সংগঠনটির ব্যানারে শ্রমিক ও নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। তাঁদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের এই প্রক্রিয়া ঘিরে শ্রমিকদের বিভিন্ন সংগঠন পৃথক দাবি তুলে ধরছে। মজুরি বোর্ডের পরবর্তী সিদ্ধান্ত এবং মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অবস্থানের ওপর নির্ভর করছে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া।