তানভীর রায়হান:
দেশের ব্যাংকিং খাতে ঋণ বিতরণে মন্দাভাব এবং পরিচালন ব্যয় বৃদ্ধির আশঙ্কায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিং ব্যবসা অধিগ্রহণে আগ্রহ হারাচ্ছে সম্ভাব্য ক্রেতারা। বিশেষ করে ব্যাংকটির প্রায় ১ হাজার ৫০০ কর্মীর দায়িত্ব নেওয়া এবং তাঁদের তুলনামূলক উচ্চ বেতন-ভাতা বহনের বিষয়টি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
শুরুতে অন্তত ছয়টি দেশীয় ব্যাংক এ ব্যবসা কেনার আগ্রহ দেখালেও বর্তমানে শুধু সিটি ব্যাংকই স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে গোপনীয়তা চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করেছে। অন্য ব্যাংকগুলোর কয়েকটি ইতোমধ্যে আলোচনা থেকে সরে এসেছে, আর কয়েকটি এখনো লাভ-লোকসানের হিসাব কষছে।
আগ্রহী ব্যাংকগুলোর তালিকায় ছিল ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক। তবে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান শর্তে অধিগ্রহণের প্রক্রিয়ায় আর এগোতে চান না তাঁরা। অন্যদিকে, বর্তমান পরিস্থিতিতে ডাচ্-বাংলা ব্যাংকেরও এ ব্যবসা নেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কয়েকটি ব্যাংকের কর্মকর্তা।
গত মাসে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে তাদের ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দেয়। ঘোষণার আগে থেকেই কয়েকটি দেশীয় ব্যাংকের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। তবে সম্ভাব্য ক্রেতাদের অনাগ্রহের কারণে পুরো বিক্রয়প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং ব্যবসার অন্যতম আকর্ষণ ছিল এর স্বল্প সুদের আমানত। সাধারণত এ ধরনের আমানত ব্যাংকের তহবিল সংগ্রহের ব্যয় কমাতে সহায়তা করে। কিন্তু বেসরকারি খাতে ঋণ চাহিদা ও বিতরণ কমে যাওয়ায় সম্ভাব্য ক্রেতারা এখন প্রশ্ন তুলছেন, অতিরিক্ত আমানতের অর্থ কোথায় বিনিয়োগ করবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে আসে ৪ দশমিক ১৭ শতাংশে। আগস্টে এ হার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভাষ্য, ১৯৯৩ সালের পর ঋণ প্রবৃদ্ধির এমন নিম্ন হার দেখা যায়নি।
অধিগ্রহণের বিষয়ে আগ্রহী ছিল এমন একটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁদের পক্ষে এ প্রক্রিয়ায় এগোনো কঠিন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের স্বল্প সুদের আমানত নিয়ে আমরা কী করব? কোথায় ঋণ দেব? এ কারণেই আমরা তাদের পরিকল্পনা থেকে সরে এসেছি।’
ওই কর্মকর্তা আরও বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি অনুকূলে না থাকায় রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির জন্য সময়টি উপযুক্ত নয়।
অধিগ্রহণের ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতাদের দ্বিতীয় বড় উদ্বেগের জায়গা হলো কর্মী ব্যবস্থাপনা। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং বিভাগে প্রায় ১ হাজার ৫০০ কর্মী রয়েছেন। তাঁদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেশীয় অনেক ব্যাংকের তুলনায় বেশি।
ব্যবসা বিক্রির শর্ত অনুযায়ী, নতুন ক্রেতাকে এসব কর্মীর দায়িত্ব নিতে হবে। ফলে বিদ্যমান কর্মীদের নিজস্ব জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত করা এবং তাঁদের বেতন-ভাতা বহন করা নিয়ে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অধিগ্রহণে আগ্রহী ছিল এমন একটি ব্যাংকের কর্মকর্তা বলেন, এত বড় বেতন কাঠামোর দায়িত্ব নেওয়ার বিপরীতে কী ধরনের আর্থিক সুবিধা পাওয়া যাবে, সেটি স্পষ্ট নয়।
অন্য একটি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কর্মীসংখ্যা ও বেতন-ভাতার বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁরা পিছিয়ে এসেছেন।
তিনি বলেন, ‘আমরা ব্যাংকটির রিটেইল ব্যাংকিং ব্যবসা নিতে চাই না। দেড় হাজার কর্মীর বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা পিছিয়ে এসেছি। তাঁদের বেতন-ভাতা অনেক বেশি।’
ওই কর্মকর্তার মতে, ব্যবসাটি বিক্রির জন্য উপযুক্ত ক্রেতা পাওয়া কঠিন হতে পারে। একই সঙ্গে বিপুলসংখ্যক কর্মীর দায়িত্ব নিয়ে ব্যবসাটি অধিগ্রহণ করাও অনেক দেশীয় ব্যাংকের জন্য বড় আর্থিক চাপ তৈরি করবে।
অক্টোবরের শুরুতে এক বিবৃতিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির পরিকল্পনার কথা জানায়। করপোরেট ও বিনিয়োগ ব্যাংকিং কার্যক্রমে আরও বেশি মনোযোগ দেওয়ার কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যাংকটি জানায়।
ব্যাংকটির ঘোষণা অনুযায়ী, ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং কার্যক্রম হস্তান্তরের প্রক্রিয়া শেষ হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। তবে তা চুক্তি ও আলোচনা কতদূর এগোয় এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার ওপর নির্ভর করবে।
অধিগ্রহণের বিষয়ে আগ্রহী ছিল এমন একটি ব্যাংকের কর্মকর্তা বলেন, বৈশ্বিক কৌশল অনুসরণ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড এ সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের বাজার পরিস্থিতি আলাদা করে বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, ‘তাদের পরিকল্পনা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। শ্রীলঙ্কায় যে পরিকল্পনা সফল হয়েছে, তা বাংলাদেশে সরাসরি প্রয়োগ করা যাবে না। প্রত্যেক দেশের পরিস্থিতি আলাদা।’
ওই কর্মকর্তা আরও বলেন, উপযুক্ত ক্রেতা না পেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড হয়তো বিক্রির পরিকল্পনা স্থগিত রাখতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর সিদ্ধান্ত থেকে সরে এলে ব্যাংকটির সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিটি ব্যাংকের এক কর্মকর্তা জানান, তাঁরাই একমাত্র ব্যাংক, যারা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে এনডিএ সই করেছেন। তবে চুক্তির পরবর্তী ধাপে যাওয়ার আগে তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারও বিষয়টি বিবেচনায় থাকার কথা জানিয়েছেন। তবে কর্মীদের বেতন-ভাতা এবং তাঁদের দায়িত্ব নেওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা এখনো পরবর্তী পর্যায়ের প্রক্রিয়া এগোইনি। আলোচনা চলছে। এ ব্যবসা লাভজনক হবে কি না, তা বোঝার চেষ্টা করছি। দেড় হাজার কর্মীর দায়িত্ব নেওয়া আমাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াতে পারে। এটি একটি বড় বিষয়।’
লন্ডনভিত্তিক বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রায় ১২০ বছর ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। পাঁচ বছর আগে দেশে ব্যাংকটির ২৪টি শাখা ও প্রায় ৯০টি এটিএম বুথ ছিল। বর্তমানে ব্যাংকটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশে তাদের ১৮টি শাখা এবং এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিনসহ ৭০টি স্বয়ংক্রিয় সেবা টার্মিনাল রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান বিটপী দাস চৌধুরী বলেন, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে এনডিএ সই করা হয়েছে। গোপনীয়তা রক্ষার বাধ্যবাধকতা থাকায় এ বিষয়ে ব্যাংকটি আর কোনো মন্তব্য করবে না।
এর আগে গত বছর এইচএসবিসি বাংলাদেশও দেশে তাদের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল।
এদিকে, ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির উদ্যোগের প্রেক্ষাপটে আর্থিক ও চাকরিসংক্রান্ত বিভিন্ন সুবিধা দাবি করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্মীদের একাংশ।
এ বিষয়ে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো একটি চিঠি দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। ২০২৬ সালের ৫ অক্টোবর লেখা ওই চিঠিতে ‘অ্যাফেক্টেড এমপ্লয়ি গ্রুপ’ বা ক্ষতিগ্রস্ত কর্মীদের একটি অংশ বলেছে, বৈশ্বিক ব্যবস্থাপনার কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলেও এর প্রভাব সরাসরি কর্মীদের ওপর পড়বে। তাই প্রস্তাবিত হস্তান্তরপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
চিঠিতে কর্মীরা তাঁদের সর্বশেষ মোট মাসিক বেতনের ১২০ মাস বা ১০ বছরের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ৫ শতাংশ শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) সম্পূর্ণ অর্থ পরিশোধের দাবিও রয়েছে।
কর্মীদের কাছে ব্যাংকের পাওনা ঋণ ও ক্রেডিট কার্ডের দায় মওকুফ করার প্রস্তাবও দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, অন্য ব্যাংকে স্থানান্তরিত হলে কর্মী হিসেবে পাওয়া বিশেষ সুদের হার আর কার্যকর থাকবে না। এ কারণে অতিরিক্ত যে সুদ দিতে হবে, তা স্ট্যান্ডার্ড চার্টার্ডকে বহন করতে হবে।
এ ছাড়া ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কর্মদক্ষতাভিত্তিক বোনাস ও ত্রৈমাসিক প্রণোদনা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। শেয়ারভিত্তিক সুবিধা ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধের পাশাপাশি পাঁচ বছরের কম সময় ধরে কর্মরত কর্মীদেরও গ্র্যাচুইটি দেওয়ার দাবি রয়েছে।
একই পদে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মীদের পদোন্নতি ও ন্যায্য বেতন বৃদ্ধি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
ব্যবসা হস্তান্তরের পুরো সময়ে কোনো কর্মীকে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যানে (পিআইপি) অন্তর্ভুক্ত করা বা চাকরিচ্যুত করা যাবে না বলে দাবি জানিয়েছে কর্মীদের দলটি। তবে শৃঙ্খলাজনিত কারণে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।
চিঠিতে গ্রাহকদের কাছে ব্যবসা হস্তান্তর সম্পর্কে একই ধরনের তথ্য ও বার্তা দেওয়ার ব্যবস্থা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে সরাসরি আলোচনার দাবিও জানানো হয়েছে।