নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের স্থাপত্য অঙ্গনে উদ্ভাবনী, টেকসই ও স্থানীয় প্রেক্ষাপটনির্ভর নকশায় অবদানের স্বীকৃতি হিসেবে স্থপতি ও বিভিন্ন স্থাপত্য প্রকল্পকে সম্মাননা দেওয়া হয়েছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’-এর প্রথম আয়োজনে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-২-এ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে নির্বাচিত স্থাপত্য প্রকল্প ও স্থপতিদের হাতে পুরস্কার ও সম্মানজনক স্বীকৃতি তুলে দেওয়া হয়।
বাংলার নদী ও পানিপ্রবাহে গড়ে ওঠা বদ্বীপের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের নির্মিত পরিবেশে জলবায়ু-সহনশীল উদ্ভাবন, প্রেক্ষাপটনির্ভর নকশা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করাই এ পুরস্কারের লক্ষ্য।
অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন অ্যাওয়ার্ডস ডিরেক্টর স্থপতি ড. নবানিতা ইসলাম। জমা পড়া প্রকল্পগুলো মূল্যায়ন করেন পাঁচ সদস্যের একটি স্বাধীন জুরি বোর্ড। এতে ছিলেন স্থপতি সাইফ উল হক, অধ্যাপক স্থপতি মো. রফিক আজম, স্থপতি মো. এহসান খান, পিএইচডি ফারদৌস আজিম এবং সুইজারল্যান্ডের স্থপতি নিকলাউস গ্রাবের।
ডেল্টা সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স অ্যাওয়ার্ড বিভাগে জুবায়ের হাসান আর্কিটেক্টসের (জেএইচএ) ‘কবিতা কুঞ্জ’ এবং পারসিভের ‘রূপগাঁও’ বিজয়ী হয়েছে। এ বিভাগে ‘ইন্টারিম হাউস’-এর জন্য সম্মানজনক স্বীকৃতি পেয়েছে রুফলাইনার্স_স্টুডিও অব আর্কিটেকচার।
ডেল্টা কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট বিভাগে ‘মীর মঞ্জিল’ প্রকল্পের জন্য ইন্ডিজেনাস এবং ‘চকবাজার পাবলিক স্পেসেস অ্যান্ড পার্ক’ প্রকল্পের জন্য ফর্ম.৩ আর্কিটেক্টস পুরস্কার পেয়েছে।
এ বিভাগে আরও চারটি প্রকল্প সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এগুলো হলো—হাজারীবাগের ‘এআরএ’স অফিস’ (অ্যাটেলিয়ার রবিন আর্কিটেক্টস), ‘স্থ-কাল্প অফিস’ (স্থ-কাল্প আর্কিটেক্টস), ‘আল ফালাহ জামে মসজিদ’ (ডব্লিউএম৪ আর্কিটেক্টস) এবং ‘রাজউক কাঁচাবাজার’ (তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড)।
প্রকল্পের পাশাপাশি ব্যক্তিগত অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার পুরস্কার। বাংলাদেশের স্থাপত্য অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত স্থপতি রাজিউল আহসান খন্দকারকে মরণোত্তর ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড বিভাগে স্থাপত্যবিষয়ক গবেষণা ও প্রকাশনার জন্য লেখকদের সম্মানিত করা হয়। এ বিভাগের জমা পড়া বই মূল্যায়ন করেন তিন সদস্যের পৃথক জুরি বোর্ড। এতে ছিলেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি ড. শেখ সিরাজুল হাকিম এবং স্থপতি আইডা হাসান।
‘শামসুল ওয়ারেস: অ্যান আর্কিটেকচার অব এলিমেন্টাল মডার্নিজম’ বইয়ের জন্য বিজয়ী হয়েছেন স্থপতি ড. আদনান জিল্লুর মোরশেদ। সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন ‘ওল্ড বাট নিউ: নিউ বাট ওল্ড’ বইয়ের জন্য স্থপতি ড. মাহবুবুর রহমান এবং ‘ডিজাস্টার রেজিলিয়েন্ট মডুলার কোর শেল্টারস অব এথনিক কমিউনিটিজ ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস এরিয়া’ বইয়ের জন্য স্থপতি ড. ক্যাথরিন ডেইজি গোমেজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর আগামী ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হবে ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬। উৎসবটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থপতি তাহমিদা আফরোজ। এতে স্থপতি, আবাসন ও নির্মাণ খাতের উদ্যোক্তা, বিভিন্ন প্রকল্পের অংশীজন, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
তিন দিনের এ আয়োজনে থাকবে বিশেষ মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটারস অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ডেল্টা অ্যাওয়ার্ড বিজয়ী ও সম্মাননাপ্রাপ্তদের প্রকল্প উপস্থাপনা।
মাস্টারক্লাস পরিচালনা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি ড. সাজিদ বিন দোজা, স্থপতি ও আলোকচিত্রী আসিফ সালমান এবং শিল্পী ও কিউরেটর ওয়াকিলুর রহমান। সাজিদ বিন দোজার সেশনে থাকবে স্কেচিং, ভিজ্যুয়ালাইজেশন ও সৃজনশীল চিন্তাভাবনা; আসিফ সালমান আলোচনা করবেন স্থাপত্য আলোকচিত্রে ফোকাল লেন্থ ও লেন্সের প্রভাব নিয়ে। আর ওয়াকিলুর রহমানের মাস্টারক্লাসে উঠে আসবে শিল্প, নকশা ও স্থাপত্যের পারস্পরিক সম্পর্ক।
‘ট্রেন্ডসেটারস অব বাংলাদেশ’ পর্বে সমসাময়িক স্থাপত্যচর্চা, টেকসই নকশার দর্শন, সৃজনশীল ধারণা ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন দেশীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত স্থপতিরা।
এ পর্বে অংশ নেবেন ডব্লিউএম৪ আর্কিটেক্টসের মাহমুদুল আনোয়ার রিয়াদ, মামনুন মুর্শেদ চৌধুরী ও শাওকি শামীম; ফ্রেমওয়ার্কের ফয়সাল কবির (হিমুন) ও অনুপ কুমার বসাক; এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের এহসান খান এবং নকশাবিদ আর্কিটেক্টসের বায়েজিদ মাহবুব খন্দকার।
উৎসবে বাংলাদেশের স্থাপত্যবিষয়ক বইয়ের প্রদর্শনীর পাশাপাশি দেশি-বিদেশি উল্লেখযোগ্য স্থাপত্য প্রকল্পের ডিজিটাল প্রদর্শনীও থাকবে।
আর্কিকানেক্ট এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সিইএমএস-গ্লোবাল) যৌথভাবে এ আয়োজন করছে। ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এর অংশ হিসেবে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। এতে কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।