ক্রীড়া প্রতিনিধি:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মিনি নিলামে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, ডানহাতি পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের এই মিনি নিলাম। নিলাম সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিলামের জন্য খেলোয়াড়দের নিবন্ধনের শেষ সময় ১৭ নভেম্বর বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
গত আসরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বিপুল অর্থে দল পেলেও আইপিএলে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের এই পেসারের।
মুস্তাফিজকে ঘিরে ওই ঘটনা বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করে। পরবর্তী সময়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে সেখানে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার।
এবারের নিলামে আবারও আইপিএলে খেলার সুযোগ পেতে নাম নিবন্ধন করেছেন মুস্তাফিজ। তাঁর পাশাপাশি হাসান মাহমুদ, নাহিদ রানা ও রিশাদ হোসেনের নামও আলোচনায় রয়েছে। এ ছাড়া আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার নিলামে অংশ নিতে আগ্রহী বলে জানা গেছে।
বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটারের নিবন্ধনের সুযোগ রয়েছে। তবে নিবন্ধন করলেই চূড়ান্ত নিলামে অংশগ্রহণ নিশ্চিত হবে না। বিসিসিআইয়ের যাচাই-বাছাই শেষে প্রকাশিত চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁরাই নিলামে অংশ নিতে পারবেন।
গত আসরের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম ছিল। তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি পেয়েছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। এবার একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণের আগ্রহ থাকলেও তাঁদের কতজন চূড়ান্ত তালিকায় জায়গা পান, সেটিই এখন দেখার বিষয়।