https://cns24news.com/

জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ: 11 Nov 2026   |   প্রতিবেদক: editor
জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতি প্রণয়ন, আন্তর্জাতিক আলোচনা, জলবায়ু অর্থায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ কেবল আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। নীতি প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ, প্রকল্প বাস্তবায়ন ও পরিবীক্ষণেও তাঁদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।

বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) আয়োজিত ‘ইয়ুথ এনগেজমেন্ট ফ্রম পার্টিসিপেশন টু পাওয়ার’ শীর্ষক সাইড ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জলবায়ু অভিযোজন, উদ্ভাবনী উদ্যোগ এবং সবুজ কর্মসংস্থানে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বক্তব্য দেন।

ড. সাইমুম পারভেজ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিসিসিটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে ট্রাস্টের ২০২৬–২০৩০ মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এ পরিকল্পনার আওতায় দেশের ৬৪টি জেলার প্রতিটিতে ৫০০ জন করে মোট ৩২ হাজার যুব স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এসব স্বেচ্ছাসেবক স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ, অভিযোজন কার্যক্রমে সহায়তা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগে কাজ করবেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে একটি নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাড়াতে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যাক্রস ৩০ কপস’ শীর্ষক একটি নীতিপত্র প্রকাশ করা হয়। এতে ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত প্রথম জলবায়ু সম্মেলন থেকে ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত ৩০তম সম্মেলন পর্যন্ত জলবায়ু আলোচনায় তরুণদের অংশগ্রহণের অগ্রগতি, প্রতিনিধিত্বের সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়েছে।

নীতিপত্রে ২০৩০ সালের মধ্যে জাতীয় প্রতিনিধিদলে ৩৫ বছরের কম বয়সী তরুণদের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি যুব নেতৃত্বাধীন জলবায়ু উদ্যোগের জন্য বছরে ৫০ কোটি মার্কিন ডলারের পৃথক অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্রমে জলবায়ু শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

এতে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলের পরিচালনা পর্ষদে যুব প্রতিনিধিদের জন্য দুটি আসন সংরক্ষণ, গ্লাসগো জলবায়ু চুক্তির সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করা এবং জাতীয় জলবায়ু অঙ্গীকার (এনডিসি ৩.০)-সংক্রান্ত প্রতিবেদনে যুব অংশগ্রহণ মূল্যায়নের সূচক অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রয়েছে।

তরুণদের আন্তর্জাতিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একই অনুষ্ঠানে গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (জিওয়াইসিএএন) এবং ‘গ্রিন বুক’ ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন জিওয়াইসিএএনের প্রতিষ্ঠাতা পরিচালনা পর্ষদের সহসভাপতি প্রিন্সেস আবির এস. বিন ফারহান আল সৌদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক কারিগরি কর্মকর্তা অধ্যাপক ব্রামা গনেফান কোনে, সংস্থাটির সাবেক পরিচালক ও স্পেনের সাবেক উপস্বাস্থ্যমন্ত্রী ড. মারিয়া নেইরা এবং প্যারিস কমিটি অন ক্যাপাসিটি বিল্ডিংয়ের সহসভাপতি প্রিন্সেস ড. আবজে জিগমা।

এ সময় বিসিসিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।