নিজস্ব প্রতিনিধি:
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের উপহার দেওয়াকে ঘুষ নয় বলে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে জুবায়ের বলেন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। এটি দুর্নীতিকে উৎসাহিত করার শামিল। ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার দেওয়ার নামে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা দেওয়া কোনোভাবেই নৈতিক বা আইনসম্মত হতে পারে না। উপহারের নামে এ ধরনের লেনদেন ঘুষ ও দুর্নীতিরই ভিন্ন রূপ।
তিনি বলেন, সরকারি ক্রয় ও উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এমন পরিস্থিতিতে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর এ ধরনের বক্তব্য সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়াতে পারে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয়, অনিয়ম ও দুর্নীতির আশঙ্কাও বাড়বে।
জুবায়ের আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান হতে হবে আপসহীন। উপহারের নামে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে এবং এ ধরনের বক্তব্যের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে।
বিবৃতিতে তিনি গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের একটি বক্তব্যেরও উল্লেখ করেন। ওই সময় মন্ত্রী সড়কে যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া অর্থকে চাঁদা নয় বলে মন্তব্য করেছিলেন। এ বক্তব্যের কারণে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন বলে উল্লেখ করেন জুবায়ের।
তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের এ ধরনের বক্তব্য তাঁদের শপথ ও পদমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। এমন বক্তব্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে জুবায়ের দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।