কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গুলি ছোড়া এবং কিরিচ হাতে ভয়ভীতি প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি সাখাওয়াত হোসেন মুন্নাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে মিয়ানমার সীমান্তের কাছে পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, মাদক ব্যবসা ও বটতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে অস্ত্রধারী মুন্নাকে শনাক্ত করা হয়। পরে বুধবার গভীর রাতে তাকে এবং ঘটনাস্থলে উপস্থিত তার তিন সহযোগী মিজান, জিসাদ ও আরফাতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তদের ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভিডিও এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কথিত জয়নালবাহিনীর সদস্য মুন্না বন্দুক উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়ছিলেন। এ সময় তার পাশে আরও দুজনকে কিরিচ হাতে মহড়া দিতে দেখা যায়। গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়। তাদের দাবি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের ভাগনে মুন্না পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
জয়নাল আবেদীন ও আবুল ফয়েজ দুজনই পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউপি সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বলে স্থানীয়রা জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে সাড়ে তিন লাখ ইয়াবাসহ তৎকালীন র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সাখাওয়াত হোসেন মুন্না। মাদক ও মারামারিসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার পর ফেসবুক লাইভে জয়নাল আবেদীন দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে তার নাম এ ঘটনায় জড়ানো হচ্ছে এবং তিনি ঘটনাস্থলে ছিলেন না। অন্যদিকে আবুল ফয়েজ সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।