তানভীর রায়হান:
পোশাকশিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান ভিত্তি। অথচ এ শিল্পের শ্রমিকদের মজুরি, কর্মপরিবেশ, চাকরির নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিয়ে সংকট দীর্ঘদিনের। মজুরি বৃদ্ধির দাবিতে প্রায়ই আন্দোলনে নামতে হচ্ছে শ্রমিকদের। সাম্প্রতিক আন্দোলন ঘিরে গ্রেপ্তার, মামলা, দমন-পীড়ন ও সহিংসতার অভিযোগও সামনে এসেছে। শ্রমিকদের এই পরিস্থিতির পেছনে ট্রেড ইউনিয়নের দুর্বলতা, মালিকপক্ষের ভূমিকা এবং রাষ্ট্রের নীতিগত অবস্থান কতটা দায়ী—এসব প্রশ্ন নিয়ে কথা বলেছেন রাজনীতিবিদ ও শ্রমিকনেতা জলি তালুকদার।
তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য এবং বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল কমিটির ভাইস প্রেসিডেন্ট। ছাত্র আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিন ধরে পোশাকশিল্পের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি সিএনএস ২৪ নিউজ ডটকমের বিশেষ প্রতিনিধি তানভীর রায়হানের সঙ্গে কথা বলেন এই শ্রমিকনেতা।
প্রশ্ন: বাংলাদেশের পোশাকশিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতা করছে, রপ্তানি আয়ও বাড়ছে। কিন্তু শ্রমিকদের জীবনমানের দৃশ্যমান উন্নতি হচ্ছে না। এই বৈপরীত্যের কারণ কী?
জলি তালুকদার: এটা আমাদেরও বড় প্রশ্ন। যে খাত বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় করছে এবং যার ওপর দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল, সেই খাতের শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা। কিন্তু বাস্তবে তাঁদের কোনো কিছুরই নিশ্চয়তা নেই।
কারখানায় কাজ করার জন্য যে পরিমাণ পুষ্টিকর খাবার প্রয়োজন, অনেক শ্রমিক সেটুকুও পান না। সন্তানদের স্কুলে পড়ানোর সামর্থ্য থাকে না। চিকিৎসা, সামাজিক নিরাপত্তা ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও তাঁদের জন্য কঠিন। অথচ মালিক ও সরকারের নীতিনির্ধারণে শ্রমিকদের জীবনমানের বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না। মুনাফার হিসাবের বাইরে শ্রমিকের জীবন ও স্বার্থকে গুরুত্ব দেওয়ার মানসিকতা তৈরি হয়নি।
প্রশ্ন: তাহলে কি পোশাকশিল্পের অর্থনৈতিক সাফল্যের সুফল শ্রমিকদের কাছে পৌঁছাচ্ছে না?
জলি তালুকদার: অবশ্যই শ্রমিকেরা সেই সুফল যথাযথভাবে পাচ্ছেন না। পোশাকশিল্পের প্রবৃদ্ধির পেছনে শ্রমিকদের শ্রমই প্রধান শক্তি। কিন্তু তাঁদের মজুরি নির্ধারণের সময় বাজারদর, জীবনযাত্রার ব্যয়, সন্তানের শিক্ষা ও চিকিৎসার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয় না।
আমরা দীর্ঘদিন ধরে সব খাতের শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছি। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় পোশাকশ্রমিকদের জন্য ৩৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছি। অন্য শ্রমিক সংগঠনগুলোর কেউ ৩২ হাজার, কেউ ৩৭ হাজার টাকা দাবি করেছে। দাবির অঙ্ক গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা।
প্রশ্ন: শ্রমিকদের মজুরি নিয়ে সংকট বারবার আন্দোলনে গড়াচ্ছে। আলোচনার মাধ্যমে সমাধানের পথ কেন তৈরি হচ্ছে না?
জলি তালুকদার: এর প্রধান কারণ শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা হয়নি। বাংলাদেশে ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকলেও বাস্তবে তা চর্চা করতে গেলে মালিকপক্ষ ও সরকারের নানা বাধার মুখে পড়তে হয়। ১৯৯০ সালের পর থেকে পরিকল্পিতভাবে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে দুর্বল করা হয়েছে।
শ্রমিকেরা যদি স্বাধীনভাবে সংগঠিত হতে পারতেন, তাহলে তাঁদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে নিয়মিত দর-কষাকষি করা সম্ভব হতো। কিন্তু সেই পরিবেশ নেই। ফলে দীর্ঘদিনের ক্ষোভ জমতে জমতে একসময় স্বতঃস্ফূর্ত আন্দোলনে রূপ নেয়।
শ্রমিকের মজুরি এক টাকা বাড়াতে হলেও আন্দোলন ছাড়া সম্ভব হয় না। যে সরকারই ক্ষমতায় আসে, তারা শ্রমিকের স্বার্থের চেয়ে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেয়।
প্রশ্ন: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের অংশগ্রহণের পর তাঁদের প্রত্যাশা ছিল পরিবর্তন আসবে। সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে?
জলি তালুকদার: জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকেরা অংশ নিয়েছেন, জীবন দিয়েছেন। তাঁদের প্রত্যাশা ছিল, এবার তাঁদের অবস্থার পরিবর্তন হবে। অভ্যুত্থানের পরপরই মজুরি পুনর্মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়নি।
বর্তমান নির্বাচিত সরকার প্রথমেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল দ্বিগুণ করেছে। এর প্রভাব বাজারে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির খরচও বেড়েছে। মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরা আগের মজুরিতে সংসার চালাতে পারছেন না। অনেক শ্রমিক বলেছেন, এই মজুরিতে মাসের সাত দিন বা ১৫ দিনও চলা যায় না।
যাঁরা অভ্যুত্থানে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের বিষয়টি পে-স্কেল ঘোষণার আগেই বিবেচনা করা উচিত ছিল।
প্রশ্ন: শ্রমিকদের এই ক্ষোভের দায় কি সরকারের নীতিগত ব্যর্থতার ওপরও বর্তায়?
জলি তালুকদার: অবশ্যই। শ্রমিক সংগঠনগুলো অভ্যুত্থানের পরপরই অন্তর্বর্তী সরকারকে মজুরি বোর্ড গঠনের কথা বলেছিল। বর্তমান সরকার পে-স্কেল ঘোষণার আগেও আমরা বিষয়টি তুলে ধরেছি। কিন্তু নভেম্বরে এসে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
সরকার যদি পাঁচ মাস আগে বোর্ড গঠন করত, তাহলে শ্রমিকদের আজ রাস্তায় নামতে হতো না। ডিসেম্বরকে যদি সরকার সংকটের মাস মনে করে, তাহলে এত দিন বিষয়টি ঝুলিয়ে রাখা হলো কেন? শ্রমিকদের মজুরি নিয়ে সঠিক সময়ে আলোচনা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকের পরিস্থিতির দায় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ ও সরকারেরই।
প্রশ্ন: মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা কি প্রকৃত শ্রমিক স্বার্থকে আড়াল করছে?
জলি তালুকদার: বোর্ডে দুজন শ্রমিক প্রতিনিধি রাখা হয়েছে। একজন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা। আরেকজন যে সংগঠনের, সেটি আমাদের অঞ্চলে গড়ে ওঠা শ্রমিক আন্দোলনের ধারার সংগঠন নয়। তারা শ্রমিক সংগঠনের চেয়ে এনজিও ধরনের কর্মকাণ্ড বেশি করে থাকে।
প্রকৃত অর্থে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারবেন, এমন কাউকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন একজন বর্ষীয়ান শ্রমিকনেতা। তাঁকে আমরা সম্মান করি এবং আশা করি তিনি ভালো ভূমিকা রাখবেন। তবে রাজনৈতিক দলের অবস্থানের বাইরে গিয়ে তাঁরা কতটা শ্রমিকদের স্বার্থ তুলে ধরতে পারবেন, সে প্রশ্নও রয়েছে।
তারপরও আমি মনে করি, মজুরি বোর্ডের কাজ দ্রুত এগিয়ে নেওয়া দরকার। শ্রমিকদের জীবন আর চলছে না। বোর্ডের উচিত সব শ্রমিক সংগঠন, এমনকি জাতীয় ফেডারেশনগুলোর সঙ্গে বসে আলোচনা করা।
প্রশ্ন: আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান বিএনপি সরকার—বিভিন্ন সময়ে মজুরি বোর্ডে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের শ্রমিক প্রতিনিধি করার অভিযোগ উঠেছে। এর পেছনে কী ধরনের রাজনৈতিক অর্থনীতি কাজ করে?
জলি তালুকদার: যে সরকারই হোক, আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার বা বর্তমান বিএনপি সরকার—সবাই মূলত ধনিক শ্রেণির প্রতিনিধিত্ব করে। তাই মজুরি বোর্ডে নিজেদের পছন্দের লোকদের যুক্ত করতে চায়। মালিকপক্ষও এমন প্রতিনিধিত্ব চায়, যাতে মজুরি নির্ধারণ তাদের পছন্দ অনুযায়ী হয়।
প্রকৃত শ্রমিক আন্দোলনের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয় না। কারণ তাঁরা শ্রমিকদের প্রকৃত দাবি তুলে ধরবেন এবং মালিকদের সঙ্গে দর-কষাকষি করবেন। সরকার ও মালিকপক্ষের এই মানসিকতা পরিবর্তন না হলে মজুরি নিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়।
প্রশ্ন: শ্রমিকেরা আন্দোলনে নামলেই গ্রেপ্তার, মামলা ও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়। আন্তর্জাতিক শ্রমমান ও বাংলাদেশের শ্রম আইন কি তাঁদের যথেষ্ট সুরক্ষা দিচ্ছে?
জলি তালুকদার: আইএলও কনভেনশন ও আমাদের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের দর-কষাকষির অধিকার রয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করার অধিকারও রয়েছে। কিন্তু বাস্তবে গার্মেন্ট খাতে ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং এর গণতান্ত্রিক চর্চা মালিক ও সরকারের নানা বাধার কারণে নিশ্চিত হয়নি।
সাম্প্রতিক আন্দোলনে আমাদের সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা হামলায় আহত হয়েছেন। অনেক শ্রমিক গ্রেপ্তার হয়েছেন। কয়েক হাজারের বেশি শ্রমিকের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছে বলে আমরা অভিযোগ করছি। শ্রমিকেরা জানেন, আন্দোলনে নামলে তাঁদের ওপর চাপ আসতে পারে। তারপরও জীবনধারণের তাগিদে তাঁরা আন্দোলনে নামছেন।
শ্রমিকের নিরাপত্তার প্রশ্ন শুধু আন্দোলনের সময়ের বিষয় নয়। শেখ হাসিনা সরকারের আমলে ২০২৩ সালে মজুরি আন্দোলনে চারজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়ও চারজন শ্রমিক প্রাণ দিয়েছেন। এবার গাজীপুরের বাংলা বাজারে আন্দোলনরত লায়লা গার্মেন্টসের শ্রমিক তৌফিক শেখকে বহিরাগত সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে বলে আমরা অভিযোগ করছি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।
প্রশ্ন: স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা শ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছেন। আপনি কীভাবে দেখছেন?
জলি তালুকদার: স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি সরাসরি প্রশ্ন করতে চাই, আপনারা নভেম্বরে এসে মজুরি বোর্ড গঠন করলেন কেন? আমরা তো অভ্যুত্থানের পর থেকেই মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছি।
উসকানি বা ষড়যন্ত্রের কথা আমরা বহুদিন ধরে শুনছি। শেখ হাসিনার সরকারও একই কথা বলত। তখন বিএনপিকে কেন্দ্র করে বলা হতো, তারা ষড়যন্ত্র করে গার্মেন্টস খাত ধ্বংস করছে।
শ্রমিকদের প্রকৃত সমস্যার সমাধান না করে আন্দোলনের পেছনে ষড়যন্ত্র খোঁজা সমস্যাকে আরও জটিল করবে। সরকারকে আগে শ্রমিকদের ন্যায্য দাবি ও জীবনযাত্রার সংকটের দিকে নজর দিতে হবে।
প্রশ্ন: মালিকদের দাবি, শ্রমিক আন্দোলনের কারণে বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যেতে পারেন। এতে বাংলাদেশের পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হবে। এই যুক্তির বাস্তবতা কতটা?
জলি তালুকদার: রানা প্লাজা ধসের ঘটনাও মালিকদের অবহেলার কারণে ঘটেছিল। সেখানে বহু শ্রমিক প্রাণ হারানোর পরও মালিকপক্ষ বলেছিল, পোশাকের অর্ডার অন্য দেশে চলে যাবে। প্রতিটি মজুরি আন্দোলনের সময় একই ধরনের বক্তব্য দেওয়া হয়। অথচ এখন পর্যন্ত ক্রেতারা বাংলাদেশ ছেড়ে চলে যায়নি।
এর বড় কারণ, পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে শ্রমিকদের কম মজুরিতে কাজ করানো যায়। বিদেশি ব্র্যান্ড ও ক্রেতারা নিজেরাও বড় করপোরেট পুঁজির মালিক। তারা যেখানে তুলনামূলক কম খরচে পোশাক পাবে, সেখানেই ব্যবসা করবে। বিষয়টি সস্তা শ্রমের সঙ্গে গভীরভাবে জড়িত।
আমাদের মনে রাখতে হবে, শুধু দেশের মালিকদের ওপর চাপ তৈরি করলে হবে না। এমন ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদেরও জবাবদিহির আওতায় আনা যায়। মজুরি নির্ধারণে তাদের ভূমিকা কী, শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে তারা কতটা অবদান রাখবে, সেটিও স্পষ্ট হওয়া দরকার।
প্রশ্ন: তাহলে শ্রমিক আন্দোলন কি এখন শুধু কারখানার মালিকদের বিরুদ্ধে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার বিরুদ্ধেও গড়ে তোলা প্রয়োজন?
জলি তালুকদার: অবশ্যই। পোশাকশিল্পের মুনাফা শুধু স্থানীয় মালিকেরা করেন না। আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতারাও এই ব্যবসার বড় অংশীদার। কিন্তু শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশের দায়িত্বের প্রশ্নে তারা নিজেদের দায় এড়িয়ে যেতে চায়।
আমাদের ট্রেড ইউনিয়ন আন্দোলনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সংগঠিত করতে হবে। বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের কাছেও শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার দাবি তুলে ধরতে হবে। শুধু শ্রমিকের ওপর উৎপাদন খরচ কমানোর চাপ দিয়ে একটি শিল্প দীর্ঘদিন টেকসই হতে পারে না।
প্রশ্ন: ৩০ থেকে ৩৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির পক্ষে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠছে না কেন?
জলি তালুকদার: এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক সংকট রয়েছে। আমাদের দেশে গণতান্ত্রিক অধিকারই ঠিকভাবে চর্চা করার সুযোগ নেই। ১৯৯০ সালের পর মাফিয়া চক্র ও বুর্জোয়া দলগুলো ট্রেড ইউনিয়ন আন্দোলন ও সংগঠনগুলোকে কুক্ষিগত করেছে।
কারখানায় ট্রেড ইউনিয়ন করতে গেলে নানা বাধার মুখে পড়তে হয়। লড়াই করে ইউনিয়নের অধিকার আদায় করতে হয়, রেজিস্ট্রেশনও আদায় করতে হয়। অন্যদিকে মালিকদের পছন্দের পকেট ট্রেড ইউনিয়ন সহজেই নিবন্ধন পায়। এভাবে প্রকৃত শ্রমিক আন্দোলনকে দুর্বল করে রাখা হয়েছে।
মালিকেরা যত বেশি বাধা ও দমন-পীড়ন চালাবেন, আন্দোলন তত বেশি স্বতঃস্ফূর্ত ও বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়বে। স্থায়ী সমাধানের জন্য স্বাধীন ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
প্রশ্ন: সাম্প্রতিক আন্দোলনে সহিংসতা ও সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এই অচলাবস্থা কাটাতে সরকার ও মালিকপক্ষের প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত?
জলি তালুকদার: প্রথমত, শ্রমিকদের সামনে বিভিন্ন বাহিনী এবং সরকারি দলের অঙ্গসংগঠনগুলোর ক্ষমতা প্রদর্শন বন্ধ করতে হবে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে। যাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে।
দ্বিতীয়ত, গার্মেন্ট খাতের সব জাতীয় ফেডারেশন ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। এলাকাভিত্তিক এবং কারখানাভিত্তিক শ্রমিকনেতাদেরও আলোচনায় রাখতে হবে।
তৃতীয়ত, মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। শ্রমিকেরা যে দ্রুত মজুরি বৃদ্ধি চান, সেটি সরকারকে উপলব্ধি করতে হবে। গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর মাধ্যমে শ্রমিকদের কাছে আলোচনার অগ্রগতি এবং সরকারের অবস্থান স্পষ্টভাবে পৌঁছে দিতে হবে।
আমরা চাই, আলোচনার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান আসুক। শ্রমিকদের জীবনধারণের বাস্তবতা বিবেচনা করে মজুরি নির্ধারণ করতে হবে।
প্রশ্ন: শেষ পর্যন্ত শ্রমিক আন্দোলনের স্থায়ী সমাধান কোন পথে সম্ভব বলে মনে করেন?
জলি তালুকদার: স্থায়ী সমাধানের জন্য প্রথমেই শ্রমিকদের স্বাধীনভাবে সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। ট্রেড ইউনিয়ন করার অধিকার, গণতান্ত্রিক দর-কষাকষি এবং শ্রমিক প্রতিনিধিত্বের সুযোগ থাকতে হবে।
মজুরি নির্ধারণের সময় শুধু মালিকদের সামর্থ্য নয়, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদেরও দায়বদ্ধতার আওতায় আনতে হবে।
শ্রমিকদের দাবি উপেক্ষা করে কিংবা দমন-পীড়ন চালিয়ে কোনো শিল্পে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনা যায় না। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত হলেই পোশাকশিল্পের প্রকৃত টেকসই উন্নয়ন সম্ভব।
প্রশ্ন: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
জলি তালুকদার: সিএনএস ২৪ নিউজ ডটকম এবং আপনাকেও ধন্যবাদ।