https://cns24news.com/

নতুন ওয়েবসাইটেও মিলছে না প্রয়োজনীয় সেবা, নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

প্রকাশের তারিখ: 12 Nov 2026   |   প্রতিবেদক: editor
নতুন ওয়েবসাইটেও মিলছে না প্রয়োজনীয় সেবা, নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

জাককানইবি প্রতিনিধি:

নতুন ওয়েবসাইট চালুর পরও প্রয়োজনীয় একাডেমিক তথ্য ও ডিজিটাল সেবা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ওয়েবসাইটে পূর্ণাঙ্গ একাডেমিক তথ্য, শিক্ষকদের গবেষণা ও প্রকাশনার বিবরণ এবং শিক্ষার্থীদের জন্য সমন্বিত পোর্টালের মতো গুরুত্বপূর্ণ সুবিধা নেই। এর পাশাপাশি পুরোনো ওয়েবসাইট চালু থাকায় ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটে পরিচিতি, প্রশাসনিক কাঠামো, অনুষদ ও বিভাগের তালিকা, নোটিশ, সংবাদ ও ইভেন্টসের মতো মৌলিক তথ্য রয়েছে। পরীক্ষা ও ছুটিসংক্রান্ত কিছু বিজ্ঞপ্তিও পাওয়া যায়। তবে বিভাগভিত্তিক পূর্ণাঙ্গ সিলেবাস, কোর্স আউটলাইন ও ক্রেডিট কাঠামোর মতো প্রয়োজনীয় একাডেমিক তথ্য সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিক্ষকদের বিস্তারিত প্রোফাইল, গবেষণা কার্যক্রম ও প্রকাশনার তথ্যও অনেক ক্ষেত্রে সীমিত।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহবুবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণাভিত্তিক তথ্য পাওয়ার প্রত্যাশা থাকলেও সে ধরনের তথ্য খুবই সীমিত। কয়েকবার ওয়েবসাইট ব্যবহারের চেষ্টা করে তিনি হতাশ হয়েছেন। তাঁর মতে, শিক্ষার্থীদের জন্য আইডি ও পাসওয়ার্ডভিত্তিক পোর্টাল থাকা দরকার, যেখানে ফলাফল ও মার্কশিট ডাউনলোড করা যাবে।

পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সিয়ামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ ও বিভাগীয় তথ্য থাকলেও প্রয়োজনীয় অনেক তথ্য সহজে পাওয়া যায় না। শিক্ষার্থীদের জন্য কার্যকর হেল্পডেস্ক ও নিজস্ব প্রোফাইলের সুবিধাও থাকা প্রয়োজন।

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নাজিমের অভিযোগ, শিক্ষকদের প্রোফাইল ও গবেষণা-প্রকাশনার তথ্য নিয়মিত হালনাগাদ করা হয় না। ওয়েবসাইটের ধীরগতি ও নকশার সীমাবদ্ধতার কারণেও তথ্য খুঁজতে ভোগান্তি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, অনলাইন কোর্স নিবন্ধন, উপস্থিতি ব্যবস্থাপনা, ফলাফল ও মার্কশিট ডাউনলোডের মতো সেবা সমন্বিতভাবে ব্যবহারের সুযোগ নেই। ক্যারিয়ার, ইন্টার্নশিপ, অ্যালামনাই নেটওয়ার্ক ও উচ্চশিক্ষার সুযোগসংক্রান্ত তথ্যও পর্যাপ্ত নয়।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নতুন ওয়েবসাইটের কিছু উন্নয়নকাজ এখনো চলমান। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আগের টেন্ডারের মাধ্যমে ওয়েবসাইটটির উন্নয়নকাজ শেষ হয়েছিল। বর্তমান প্রশাসন এটি উদ্বোধন করেছে। তবে কিছু কাজ এখনো বাকি রয়েছে।

তিনি বলেন, প্রতিটি বিভাগ ও দপ্তরকে আলাদা ইউজার আইডি দেওয়া হয়েছে, যাতে তারা নিয়মিত তথ্য হালনাগাদ করতে পারে। শিক্ষকদের জন্যও লগইন সুবিধা রাখা হয়েছে। কোনো তথ্য ওয়েবসাইটে না থাকলে সংশ্লিষ্ট ইউনিটকে এর দায় নিতে হবে। তবে প্রযুক্তিগত সমস্যায় আইসিটি সেল সহায়তা দেবে।

শিক্ষার্থীদের জন্য আলাদা ড্যাশবোর্ড চালুর বিষয়ে রেজিস্ট্রার বলেন, এ লক্ষ্যে অটোমেশন কার্যক্রম চলছে। কাজ শেষ হলে শিক্ষার্থীরা অনলাইনে ফলাফলসহ প্রয়োজনীয় একাডেমিক তথ্য দেখতে পারবেন। নতুন ওয়েবসাইটের কার্যক্রম সম্পন্ন হলে পুরোনো ওয়েবসাইটটি সরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।