নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনার পর মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে তিনি এ কথা জানান।
ডেপুটি স্পিকার বলেন, কোনো সংসদ সদস্যের বাসায় বা অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি জানান, রাত ২টার দিকে ঘটনাটি জানার পর প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে আইনমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রীকেও ফোন করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।
তবে পরবর্তী সময়ে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, সবার প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং সংসদে এ নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। এরপর দেখতে হবে, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।