কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অর্থায়ন ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট উদ্যোগে চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।
এ সময় প্রতিমন্ত্রী প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম, নির্মাণকাজের অগ্রগতি এবং কেন্দ্রটির আধুনিকায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানতে চান।
পরিদর্শনকালে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে উঠলে মাছ অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নতি হবে। এতে জেলেরা তাঁদের আহরিত মাছের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
‘ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’ শীর্ষক প্রকল্পটি ২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা। ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে বার্ষিক মাছ অবতরণের পরিমাণ ৭ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বছরে বরফ উৎপাদন সক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টন হবে।
এ ছাড়া প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা তৈরি হবে। ট্রলার থেকে মাছ অবতরণের জন্য অপেক্ষার সময়ও প্রায় দুই ঘণ্টা কমবে বলে প্রকল্প সংশ্লিষ্টদের আশা।
পরিদর্শনকালে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের (JDC–Konoike Joint Venture) ম্যানেজার মি. হাজুই ও মি. ইকেদা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ব্যবস্থাপক হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল এবং প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সোয়েব সালেহীনসহ জাইকা ও বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।