https://cns24news.com/

২৮০০ বছর আগেও নেশার জন্য গাঁজা ব্যবহার করত মানুষ!

প্রকাশের তারিখ: 12 Nov 2026   |   প্রতিবেদক: editor
২৮০০ বছর আগেও নেশার জন্য গাঁজা ব্যবহার করত মানুষ!

নিউজ ডেস্ক:

গাঁজার ব্যবহার আধুনিক যুগের ঘটনা নয়। প্রায় ২৮০০ বছর আগেও মানুষ নেশাজাতীয় উদ্দেশ্যে গাঁজা ব্যবহার করত, এমন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। দক্ষিণ সাইবেরিয়ার একটি প্রাচীন সমাধি থেকে উদ্ধার হওয়া গাঁজার বীজের পাশাপাশি মানুষের চুলে পাওয়া গেছে গাঁজার নেশা সৃষ্টিকারী উপাদানের রাসায়নিক চিহ্ন।

গবেষকদের দাবি, প্রাগৈতিহাসিক যুগে গাঁজার নেশাজাতীয় ব্যবহারের সবচেয়ে পুরোনো সরাসরি প্রমাণগুলোর একটি এটি। গবেষণাটি ২০২৬ সালের ৫ নভেম্বর বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়।

দক্ষিণ সাইবেরিয়ার টুভা অঞ্চলের উয়ুক উপত্যকায় অবস্থিত টুনুগ ১ নামের একটি প্রাচীন সমাধিক্ষেত্রে খননকাজ চালিয়ে এসব নিদর্শন উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদেরা। সমাধিটি সিথিয়ান সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। সিথিয়ানরা ইউরেশীয় তৃণভূমিতে বসবাসকারী ঘোড়সওয়ার যাযাবর জনগোষ্ঠী হিসেবে পরিচিত।

সমাধি থেকে এক হাজারের বেশি গাঁজার বীজ, মানুষের দেহাবশেষ, ঘোড়ার কঙ্কাল ও মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। কয়েকটি বীজের রেডিওকার্বন পরীক্ষায় সেগুলো খ্রিষ্টপূর্ব অষ্টম শতকের বলে জানা যায়। অর্থাৎ প্রায় ২৮০০ বছর আগে সেগুলো সমাধিতে রাখা হয়েছিল।

তবে শুধু গাঁজার বীজ পাওয়াই নেশার উদ্দেশ্যে এর ব্যবহারের প্রমাণ নয়। প্রাচীনকালে গাঁজা থেকে তেল ও আঁশ সংগ্রহ করা হতো। আঁশ দিয়ে দড়ি ও কাপড়ও তৈরি করা যেত। এ কারণে গবেষকেরা সমাধিতে পাওয়া মানুষের চুলের নমুনা পরীক্ষা করেন।

উন্নত রাসায়নিক বিশ্লেষণে চুলের নমুনায় ক্যানাবিনল বা সিবিএন শনাক্ত করেন বিজ্ঞানীরা। গাঁজার প্রধান নেশা সৃষ্টিকারী উপাদান টেট্রাহাইড্রোক্যানাবিনল বা টিএইচসি অক্সিজেনের সংস্পর্শে এসে পরিবর্তিত হলে সিবিএন তৈরি হতে পারে। নমুনায় টিএইচসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুর্বল রাসায়নিক সংকেতও পাওয়া গেছে।

গবেষকদের মতে, এসব ফলাফল থেকে ধারণা করা যায়, সমাধিতে থাকা ব্যক্তিরা গাঁজার প্রভাবের সংস্পর্শে এসেছিলেন এবং সম্ভবত নেশাজাতীয় উদ্দেশ্যে এটি ব্যবহার করেছিলেন।

সমাধিতে ঘোড়ার বলির চিহ্নসহ বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। গবেষকদের ধারণা, গাঁজা অন্ত্যেষ্টিক্রিয়া বা ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হয়ে থাকতে পারে। বলির আগে কাউকে শান্ত রাখা বা তার মানসিক অবস্থায় পরিবর্তন আনার জন্যও এটি ব্যবহার করা হয়ে থাকতে পারে।

তবে এসব ধারণা এখনো নিশ্চিত নয়। গাঁজা ধূমপানের মাধ্যমে, খাবারের সঙ্গে, নাকি অন্য কোনো উপায়ে গ্রহণ করা হতো, তা চুলের রাসায়নিক বিশ্লেষণ থেকে জানা সম্ভব হয়নি। ব্যবহারের পরিমাণও অজানা।

এর আগে ২০১৯ সালে চীনের পামির অঞ্চলের প্রায় ২৫০০ বছরের পুরোনো একটি সমাধিক্ষেত্রে গাঁজা ব্যবহারের রাসায়নিক চিহ্ন পাওয়া যায়। নতুন সাইবেরীয় আবিষ্কার প্রাচীনকালে গাঁজার নেশাজাতীয় ব্যবহারের ইতিহাস আরও পেছনে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

গবেষকেরা এখন উদ্ধার হওয়া বীজের ডিএনএ বিশ্লেষণ করছেন। এর মাধ্যমে প্রাচীন গাঁজার বৈশিষ্ট্য, চাষাবাদ এবং বিস্তার সম্পর্কে আরও তথ্য পাওয়ার আশা করছেন তাঁরা।

সূত্র: সায়েন্স, সায়েন্স ডেইলি ও সিএনএন।