রায়হান আহমেদ:
রাজনৈতিক পরিসর বিস্তৃত করা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলের নীতিনির্ধারণী পর্যায়ে বাইরের বিশেষজ্ঞদের যুক্ত করে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করছে দলটি। প্রস্তাবিত পরিষদে সদস্য হওয়ার ক্ষেত্রে জামায়াতের রুকন বা শপথধারী সদস্য হওয়ার বাধ্যবাধকতা থাকবে না।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জামায়াতের প্রায় ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সাবেক আমলা, সচিব, সামরিক কর্মকর্তা, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দলটির নীতিনির্ধারকদের ধারণা, রাষ্ট্র পরিচালনা ও জাতীয় নীতি প্রণয়নে কার্যকর ভূমিকা রাখতে হলে শুধু দলীয় নেতাকর্মীদের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। বিভিন্ন পেশার অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের পরামর্শ গ্রহণের মাধ্যমে নীতিনির্ধারণী সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার মতো গুরুত্বপূর্ণ ফোরামে রুকনদেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে। ফলে দলের আনুষ্ঠানিক নীতিনির্ধারণী কাঠামোর বাইরে থাকা বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ সীমিত। নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হলে সেই সীমাবদ্ধতা কিছুটা কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি কাজ করছে। ওই কমিটিতে উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি আলোচনা হয়েছে।
তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা চলছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, ক্রীড়া, সংস্কৃতি ও সাংবাদিকতাসহ কয়েকটি পেশাজীবী অঙ্গনে জামায়াতের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এসব ক্ষেত্রে জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে।
এদিকে, দলের ছায়া মন্ত্রিসভায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি বড় দল কাজ করছে বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। তার ভাষ্য, সরকারের নীতিগত দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি জামায়াত ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিভিন্ন সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে টেকসই সমাধান খোঁজা হচ্ছে।
গঠনতন্ত্র সংশোধনের বর্তমান প্রক্রিয়া অনুযায়ী, সংশ্লিষ্ট উপকমিটির সুপারিশ প্রথমে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর রুকন সম্মেলনে তা পাস করতে হবে। কেন্দ্রীয়ভাবে প্রায় সোয়া লাখ রুকনের সম্মেলন আয়োজন সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমে সংশোধনী অনুমোদনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তবে উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব চূড়ান্ত হওয়া এবং গঠনতন্ত্র সংশোধনের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার আগে জামায়াতের সাংগঠনিক পরিবর্তনের বিষয়টি এখনো পরিকল্পনা ও আলোচনার পর্যায়েই রয়েছে।