খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় সীমান্তসংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম এলাকায় অংথেপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাবেক সদস্য। শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। শনিবার সকালে ফেনী নদীর ওপারে পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত অংথেপ্রু মারমা রামগড় উপজেলার ফেনীরকূল এলাকার বাসিন্দা। তাঁর কপাল, নাকের ওপর ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার বেলা দুইটার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু। রাত সাড়ে নয়টা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। পরে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবি ফাঁড়িতে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়।
নিহতের ছেলে থৈ অংগ্য মারমা বলেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে তাঁর বাবার ঘাসের বস্তা দেখতে পান স্বজনেরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর ওপারে ভারতের অংশে পানিতে ডুবে থাকা অবস্থায় তাঁর বাবার মরদেহ পাওয়া যায়। স্বজনেরা মরদেহটি উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক বলেন, শুক্রবার রাতে অংথেপ্রু নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জানানো হয়। তাঁকে খুঁজে পেতে বিএসএফের সহযোগিতাও চাওয়া হয়েছিল।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত আইন অনুযায়ী এ বিষয়ে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।