https://cns24news.com/

তিন ভুলে সাফ থেকে বাংলাদেশের বিদায়

প্রকাশের তারিখ: 15 Nov 2026   |   প্রতিবেদক: editor
তিন ভুলে সাফ থেকে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলেই শেষ হয় বাংলাদেশের শিরোপার স্বপ্ন। ২০০৩ সালের পর সাফ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো লাল-সবুজের দলের।

পাকিস্তানের বিপক্ষে এই হারের পেছনে মূলত তিনটি বিষয় সামনে এসেছে, রক্ষণভাগের অবস্থানগত ভুল, খেলোয়াড়দের ক্লান্তি এবং ম্যাচ চলাকালে কোচ থমাস ডুলির কৌশলগত সিদ্ধান্ত।

ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের গোলের সূচনা হয় বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের থ্রো থেকে। মাঝমাঠের কিছুটা আগে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের উপস্থিতি থাকা সত্ত্বেও সেখানে বল পাঠান তিনি। পাকিস্তান সেই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ গড়ে এবং আবদুল সামাদ গোল করেন।

তবে গোলটির দায় শুধু গোলরক্ষকের নয়। আক্রমণাত্মক অবস্থান নিতে গিয়ে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় ডান দিকে জমায়েত হওয়ায় মাঝমাঠে বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। সেই দুর্বলতাই পাকিস্তান কাজে লাগায়।

সেমিফাইনালের আগে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ১১ নভেম্বর। অন্যদিকে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচ ছিল ৮ নভেম্বর। ফলে বাংলাদেশ যেখানে তুলনামূলক কম বিশ্রাম পেয়েছে, সেখানে পাকিস্তান পেয়েছে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়।

ম্যাচে শমিত সোম ও হামজা চৌধুরীর খেলায় ক্লান্তির ছাপ দেখা গেছে। আগের ম্যাচগুলোতে ভালো করা খেলোয়াড়দের পারফরম্যান্সেও ধারাবাহিকতা ছিল না। পাকিস্তানের প্রবাসী ফুটবলারদেরও এ টুর্নামেন্টে আগে ম্যাচ না খেলায় তুলনামূলক সতেজ অবস্থায় মাঠে নামার সুযোগ ছিল।

বাংলাদেশ নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামলেও পাকিস্তানের পাঁচ ডিফেন্ডার ও তিন মিডফিল্ডারের কৌশল সামলাতে পারেনি। প্রথমার্ধেই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে সমস্যা স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু কৌশল পরিবর্তন ও খেলোয়াড় বদলের ক্ষেত্রে কোচ থমাস ডুলি আরও আগে উদ্যোগ নিতে পারতেন বলে মনে করা হচ্ছে।

প্রথম পরিবর্তন আনতে তিনি ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন। সেট পিসে দক্ষ জামাল ভূঁইয়াকেও মাঠে নামানো হয় শেষ দিকে। গোল হজমের পর আক্রমণ বাড়ানোর চেষ্টা করা হলেও বেঞ্চে থাকা শেখ মোরসালিনের মতো পরীক্ষিত খেলোয়াড়কে আগে ব্যবহার না করায় প্রশ্ন উঠেছে।

সব মিলিয়ে একটি গোলের ব্যবধানে হারলেও বাংলাদেশের বিদায়ের পেছনে ম্যাচের বিভিন্ন পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত ও মাঠের ভুলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।