নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
লালবাগ থানার বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন এই চারজন।
পরদিন ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক চলছিল। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানান আকতার হোসেন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।